গোপালগঞ্জে দুই সন্তানের সামনে স্ত্রীর হাত-পা বেঁধে নির্যাতন, স্বামী আটক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুই শিশুসন্তানের সামনে এক গৃহবধূর হাত-পা বেঁধে মাথার চুল কেটে মারধরের অভিযোগে তার স্বামী নাজমুল শেখ (২৮)কে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূ ও তার দুই সন্তানকে উদ্ধার করে। আহত গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নাজমুল ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর হাত-পা বেঁধে ফেলেন। এরপর ৮ ও ৪ বছর বয়সী দুই সন্তানের সামনেই তার মাথার চুল কেটে রাতভর মারধর করা হয়। সকালে গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে তালা ভেঙে তাদের উদ্ধার করা হয়। এ সময় নাজমুলকে আটক করা হয়।
ভুক্তভোগী অভিযোগ করেন, তার স্বামী মাদকাসক্ত এবং প্রায়ই তাকে মারধর করতেন। ঘটনার রাতে সামান্য কথা-কাটাকাটির জেরে তাকে বেঁধে নির্যাতন করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তার পিঠেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আটকের আগে নাজমুল শেখ দাবি করেন, স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারেন—এই আশঙ্কা থেকেই তিনি তার হাত-পা বেঁধে ও চুল কেটে দেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর বলেন, নাজমুল মাদকাসক্ত ছিলেন এবং এর আগেও স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।



