দক্ষিণ এশিয়ায় প্রথম শাখা বাংলাদেশে, কেন ঢাকাকেই বেছে নিল কিনোকুনিয়া

জাপানের আন্তর্জাতিক বই বিক্রেতা প্রতিষ্ঠান কিনোকুনিয়া বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। দক্ষিণ এশিয়ায় প্রতিষ্ঠানটির প্রথম শাখা চালু হয়েছে রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্টে। বিশ্বমানের বই ও স্টেশনারি পণ্যের সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করা এই বুকস্টোর বাংলাদেশের বইয়ের বাজারে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কিনোকুনিয়া থাইল্যান্ডের পরিচালক হিরোইয়োশি কাগেয়ামা বলেন, বাংলাদেশে পাঠক কমে যাচ্ছে—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন। তার মতে, প্রচলিত বই পড়ার অভ্যাসে কিছু পরিবর্তন এলেও এটি বৈশ্বিক প্রবণতা, কেবল বাংলাদেশের সমস্যা নয়।
কিনোকুনিয়া মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক কোইচিরো সাতোমি বলেন, বাংলাদেশে পাঠকসংখ্যা বাড়ছে না কমছে, সে বিষয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যান তাদের কাছে নেই। তাই বুকস্টোর চালুর পর পাঠকদের সাড়া পর্যবেক্ষণ করেই বাজার সম্পর্কে ধারণা নেওয়া হবে।
বাংলাদেশের বাজারে প্রিমিয়াম মূল্যের বই বিক্রির সম্ভাবনা নিয়ে কাগেয়ামা বলেন, দেশের তরুণ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতার ওপর তাদের আস্থা রয়েছে। এছাড়া বাংলাদেশে সহজে পাওয়া যায় না—এমন আন্তর্জাতিক বইয়ের সংগ্রহই তাদের সবচেয়ে বড় শক্তি হবে বলে মনে করেন তিনি।

দামের পার্থক্য প্রসঙ্গে কোইচিরো সাতোমি জানান, কিনোকুনিয়ার অধিকাংশ বই সরাসরি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মূল সরবরাহ কেন্দ্র থেকে আমদানি করা হয়। স্থানীয় বা আঞ্চলিক পরিবেশকের মাধ্যমে সংগ্রহ না করায় বইয়ের সংস্করণ, আইএসবিএন এবং দাম—সব ক্ষেত্রেই পার্থক্য দেখা যায়।

তবে বাংলা বইয়ের ক্ষেত্রে স্থানীয় বাজারমূল্যই রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইংরেজি বইয়ের পাশাপাশি জাপানি মাঙ্গা, অ্যানিমে-সংশ্লিষ্ট প্রকাশনা এবং উচ্চমানের স্টেশনারি পণ্যের বড় সংগ্রহও রয়েছে নতুন এই শাখায়। উদ্বোধনের আগেই দর্শনার্থীদের জন্য চালু করা নিবন্ধনের অধিকাংশ স্লট পূরণ হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি ইতিবাচক সাড়া পাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের আশা, প্রিমিয়াম মূল্য থাকলেও আন্তর্জাতিক মানের বইয়ের সংগ্রহের মাধ্যমে ঢাকার বইয়ের বাজারে নতুন অভিজ্ঞতা যোগ করবে কিনোকুনিয়া।



