কে এই জাহ্নবীর ‘শিখু’?

বোনের বিয়েতে গিয়ে প্রেমের গুঞ্জনকে আরও জোরালো করে তুললেন বলিউড তারকা জাহ্নবী কাপুর। অনেক দিন থেকে শোনা যাচ্ছিল, শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। বেশ কয়েকটি স্থানে একসঙ্গে বেড়াতেও দেখা গেছে তাদের। সৎবোন অংশুলার বাগদান অনুষ্ঠানেও একসঙ্গে উপস্থিত ছিলেন তারা। যা নিয়ে বলিউড বাসিন্দাদের মাঝে চলছে নানারকম কানাঘুষা। কিন্তু এবার মেহেদি দিয়ে হাতে শিখরের নাম লেখায় পুরোনো গুঞ্জন আরও ডালপালা মেলতে শুরু করেছে।

সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছেন বলিউড প্রযোজক বনি কাপুর তনয়া অংশুলা। মনের মানুষ রোহনের সঙ্গে প্রাক-বিয়ের অনুষ্ঠান থেকে সিঁদুরদান, প্রতিটি মুহূর্তের সঙ্গী ছিলেন সৎবোন জাহ্নবী কাপুর। তবে রিসেপশনের দিন নববধূর থেকে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন পর্দার ‘গুঞ্জন সাক্সেনা’।
বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে জাহ্নবী পরেছিলেন ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি শাড়ি; যা অনেকের নজর কেড়েছে। তবে পোশাকের চেয়েও বেশি আলোচনায় এসেছে তাঁর হাতে আঁকা মেহেদি। অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন জাহ্নবী। সেখানেই ভক্তদের নজরে পড়ে তাঁর মেহেদির বিশেষ নকশা। ছবিগুলো ভালোভাবে দেখলে দেখা যায়, মেহেদির নকশার মধ্যে লেখা রয়েছে ‘শিখু’। আর এই শিখু অন্য কেউ নয়, শিখর পাহাড়িয়ার। এটি তাঁর ডাক নাম। আর এই বিষয়টিই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি অতীতে জাহ্নবীর বেশকিছু ইঙ্গিতে শিখরের সঙ্গে প্রেম পাকা সেটা বুঝতে কারও অসুবিধা হয়নি। বেশ কয়েকবার সেলেব পাপারাজ্জিদের লেন্সবন্দিও হয়েছেন এ যুগল। সম্পর্ক নিয়ে মুখে কুলুপ আঁটলেও ‘শিখু’ নামের মেহেন্দিতে শিখর-জাহ্নবীর প্রেমের কাহিনি যে একেবারে জমে ক্ষীর, তা বললে অত্যুক্তি হবে না।
উল্লেখ্য, এটাই প্রথমবার নয়, এর আগেও অভিনব কায়দায় শিখরের প্রতি প্রেম জাহির করেছেন জাহ্নবী। এদিকে বনি কাপুরের ‘ময়দান’ সিনেমার স্ক্রিনিংয়ে জাহ্নবী গলায় একটি কাস্টমাইজড হার পরেছিলেন। সেখানেও ইংরেজিতে লেখা ছিল ‘শিখু’।
‘কফি উইথ করণ’-এর সেটেও জাহ্নবী মুখ ফসকে সিক্রেট ফাঁস করে বলে ফেলেছিলেন, ফোনের স্পিড ডায়ালে শিখরের নম্বর সেভ করা থাকে। এবার হাতের মেহেন্দিতে ‘শিখু’ লিখে প্রেমে সিলমোহর দিলেন।



