আবারও কত টাকা বাড়ল স্বর্ণের দাম

পরপর দুই দফা দাম কমানোর পর আবারও দেশের বাজারে স্বর্ণের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
শুক্রবার (১০ জুলাই) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ মূল্য ঘোষণা করে। এতে জানানো হয়, নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন নির্ধারিত এ দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। একই সঙ্গে সংগঠনটি জানিয়েছে, অলঙ্কারের ডিজাইনভেদে নির্ধারিত মজুরি আলাদাভাবে যোগ হবে। তবে স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে।
এর আগে সর্বশেষ গত ৯ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
সেদিন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। ওই মূল্যতালিকা ৯ জুলাই দুপুর সোয়া ১২টা থেকে কার্যকর হয়েছিল।
চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে মোট ৮৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৪ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ দফায় স্বর্ণের দাম বাড়ানো হয় এবং ২৯ দফায় কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭২৪ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯১৬ টাকা।
চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে রুপার দাম মোট ৫৫ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ দফায় দাম বেড়েছে এবং ২৭ দফায় কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল। সে সময় ১০ দফায় রুপার দাম বাড়ানো হলেও তিন দফায় কমানো হয়েছিল।



