বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১০ জুলাই, ২০২৬
বিনোদন

বডি ডাবল ছাড়াই ২০ ঘণ্টা পানির নিচে, চমকে দিলেন রাশমিকা

resize

ভারতীয় চলচ্চিত্রে নতুন এক মাইলফলক স্পর্শ করতে চলেছেন ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। আসন্ন সিনেমা মাইসা’-এর একটি অ্যাকশন দৃশ্যের জন্য তিনি কোনো বডি ডাবল বা স্টান্ট ডাবলের সাহায্য ছাড়াই টানা প্রায় ২০ ঘণ্টা পানির নিচে শুটিং করেছেন। নির্মাতাদের দাবি, ভারতীয় সিনেমার ইতিহাসে নারীপ্রধান কোনো চলচ্চিত্রে এটিই প্রথম পূর্ণাঙ্গ আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে পরিচালক রাভিন্দ্রা পুল্লে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুটিং সেটের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে দেখা যায়, ওয়েটস্যুট পরে ডুবুরিদের সঙ্গে পানির নিচে দৃশ্য ধারণের প্রস্তুতি নিচ্ছেন রাশমিকা। শুটিং শুরুর আগে পরিচালক ও টেকনিক্যাল টিমের কাছ থেকে নির্দেশনাও নিতে দেখা যায় তাকে।

নির্মাতাদের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মাত্র দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে থেকে দৃশ্যটির শুটিং সম্পন্ন করেন রাশমিকা মান্দানা। পুরো অ্যাকশন সিকোয়েন্সে তিনি নিজেই অভিনয় করেছেন। ঝুঁকিপূর্ণ এই দৃশ্য ধারণে কোনো ধরনের বডি ডাবল বা স্টান্ট ডাবলের সহায়তা নেওয়া হয়নি।

Advertisements

এই অর্জনের খবর জানিয়ে নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রাশমিকা মান্দানার হাত ধরেই ভারতের প্রথম নারীপ্রধান আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্সের কাজ সম্পন্ন হলো। তাদের ভাষায়, ‘উপরিভাগ কখনোই আমাদের সীমা ছিল না। ভারতীয় সিনেমা এবার গভীর পানির নিচে এমন এক যুদ্ধ দেখতে যাচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি।’

নির্মাতারা আরও জানান, সিনেমাটির এই গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ হয়েছে। খুব শিগগিরই সিনেমার টিজার এবং মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এদিকে পানির নিচে দীর্ঘ সময় ধরে শুটিংয়ের অভিজ্ঞতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন রাশমিকা মান্দানা। তিনি জানান, এ কারণেই গত কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় ছিলেন না।

রাশমিকা লেখেন, “আমি জানি, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখা যাচ্ছিল না আমাকে। কারণ আমরা এই কাজটি নিয়েই ব্যস্ত ছিলাম। আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত এটিই সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। হয়তো আমরা একটু পাগলামিই করেছি, কিন্তু এই পাগলামিই আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে।”

জানা গেছে, মাইসা’ পরিচালনা করেছেন রাভিন্দ্রা পুল্লে এবং প্রযোজনা করছে আনফর্মুলা ফিল্মস। আদিবাসী অঞ্চলের পটভূমিতে নির্মিত এই সিনেমাটি একটি ইমোশনাল অ্যাকশন-থ্রিলার। একই সঙ্গে এটি রাশমিকা মান্দানার ক্যারিয়ারের প্রথম নারী-কেন্দ্রিক প্যান-ইন্ডিয়ান অ্যাকশন চলচ্চিত্র।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি ২০২৬ সালেই মুক্তি পাবে। খুব শিগগিরই এর টিজার এবং আনুষ্ঠানিক মুক্তির তারিখ প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে হিন্দি সিনেমা ককটেল ২’-এ। হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও কৃতি স্যানন। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও সিনেমাটি বিশ্বব্যাপী ১৪০ কোটিরও বেশি রুপি আয় করে বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করেছে।

Advertisements
২০ ঘণ্টাপানিরাশমিকা