বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
বিবিধ

দেশজুড়ে বৃষ্টি অব্যাহত, কবে কমবে ?

1777737037-9a4a476eb40ea377072802e20be8ff74

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত তিন দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অব্যাহত বৃষ্টির কারণে বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য তিন জেলাসহ কয়েকটি অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বর্ষণ এবং নদ-নদীর পানি বাড়তে থাকায় অনেক এলাকায় জনজীবন ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালেও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের আমবাগান এলাকায়, যেখানে ৩২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া কুতুবদিয়ায় ৩০০ মিলিমিটার, চট্টগ্রামে ২৪৯ মিলিমিটার, বান্দরবানে ২৩৫ মিলিমিটার, রাঙামাটিতে ১৩০ মিলিমিটার, তেঁতুলিয়ায় ১২২ মিলিমিটার, গোপালগঞ্জে ১৪২ মিলিমিটার এবং কক্সবাজারে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Advertisements

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। এসব এলাকার উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি শক্তিশালী অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আরও অন্তত দুই দিন বৃষ্টিপাত চলতে পারে।

সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের কয়েকটি বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

এদিকে টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। সংশ্লিষ্ট এলাকায় নদীর পানি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। ভারী বর্ষণ অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে নতুন করে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisements
আবহাওয়াকবে কমবেবৃষ্টি