তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা বাঁধা ছিল উট, ছাড়াতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

ভারতের রাজস্থানের বারমের জেলায় এক হৃদয়বিদারক ঘটনায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উটটিকে দীর্ঘ সময় তীব্র গরমের মধ্যে পানি ও ছায়া ছাড়া বেঁধে রাখার পর সেটি খুলতে গেলে প্রাণঘাতী হামলার শিকার হন ওই বৃদ্ধ।
নিহত ব্যক্তির নাম উর্জারাম মেঘওয়াল (৭৫)। জানা গেছে, প্রচণ্ড রোদে ঘণ্টার পর ঘণ্টা বাঁধা অবস্থায় থাকা উটটি চরম অস্থির ও উত্তেজিত হয়ে পড়েছিল। পরে উর্জারাম মেঘওয়াল উটটিকে খুলতে গেলে প্রাণীটি তার ওপর হামলা চালায়।
হামলায় বৃদ্ধ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে নিয়ন্ত্রণ হারানো উটটিকে বাগে আনতে গ্রামবাসীদের ব্যাপক বেগ পেতে হয়। প্রায় ২৫ জন গ্রামবাসী টানা ছয় ঘণ্টার চেষ্টার পর প্রাণীটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানা গেছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রাণী কল্যাণকর্মীদের মতে, দীর্ঘ সময় তীব্র গরমে পানি ও ছায়া ছাড়া কোনো প্রাণীকে বেঁধে রাখা নিষ্ঠুরতা এবং এমন পরিস্থিতি প্রাণীর আচরণকে অস্বাভাবিক ও বিপজ্জনক করে তুলতে পারে।
তবে এ ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের আনুষ্ঠানিক তদন্তের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।



