শরীরে স্যালাইন লাগানো অবস্থায় রাস্তার পাশে নবজাতক উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় রাস্তার পাশ থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। বিস্ময়কর বিষয় হলো, শিশুটিকে একটি কার্টনের মধ্যে শুইয়ে রাখা হয়েছিল এবং তার শরীরে তখনও স্যালাইন চলছিল। পাশে বাঁশের কঞ্চিতে ঝুলিয়ে রাখা ছিল স্যালাইনের ব্যাগ।
সোমবার (৬ জুলাই) ভোরে শাহপুর এলাকার জিএস সোয়েটার কারখানার ফটকের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, প্রথমে এলাকার বাসিন্দা মিজান আলী ও রাসেল মিয়া নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে রাস্তার পাশে রাখা একটি কার্টনের ভেতরে শিশুটিকে দেখতে পান তারা। পরে তাদের ডাকাডাকিতে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
স্থানীয়রা জানান, শিশুটির শরীরে তখনও স্যালাইনের ক্যানোলা লাগানো ছিল এবং স্যালাইনের ব্যাগটি বাঁশের কঞ্চিতে ঝুলিয়ে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, শিশুটিকে চিকিৎসাধীন অবস্থায় বা জন্মের কিছুক্ষণ পরই সেখানে ফেলে রেখে যাওয়া হয়েছে। তবে কে বা কারা এবং কী কারণে এমনটি করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান এবং পুলিশকে বিষয়টি অবহিত করেন। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হাসান তপু জানান, বিষয়টি জানার পরপরই মাধবপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়, যাতে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় নবজাতকটিকে উদ্ধার করে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া। তিনি আরও জানান, উদ্ধার করা স্যালাইনের ব্যাগে ‘শিরিন+বশির’ নাম লেখা ছিল। তবে ওই নামের সঙ্গে শিশুটির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) লালন ফকির বলেন, সকালে খবর পাওয়ার পর থানার পক্ষ থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় নবজাতকটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই সঙ্গে কে বা কারা নবজাতকটিকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



