ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১০০ এইচএসসি পরীক্ষার্থী

জামালপুরে এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় বিপাকে পড়েছেন ১০০ পরীক্ষার্থী। ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের কাছে ভুলবশত ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা প্রশ্নপত্র বিতরণ করা হয়। ঘটনাটি শনিবার (৪ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ঘটে।
জানা গেছে, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ১০০ শিক্ষার্থী ৪২০২ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে প্রশ্নপত্রে ২০২৫ সালের সিলেবাস উল্লেখ থাকায় বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি শিক্ষা বোর্ডকে জানানো হয়।
পরীক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন প্রস্তুতি নেওয়ার পর এমন ভুল তাদের ফলাফল নিয়ে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। বিশেষ করে জিপিএ-৫ পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।
এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মীর শওকত আলম মীর জানান, পরীক্ষাকেন্দ্রে আসা প্রতিটি প্রশ্নপত্রের বান্ডেলের গায়ে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা ছিল। তবে ভেতরে ভুলবশত ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্র ছিল। পরীক্ষা শুরুর আগে বান্ডেল খোলা না হওয়ায় বিষয়টি কারও নজরে আসেনি।
তিনি আরও জানান, ঘটনা জানার পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ ওই ১০০ পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠানোর নির্দেশ দিয়েছে। তাদের উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী নমনীয়ভাবে মূল্যায়ন করা হবে বলেও জানিয়েছে বোর্ড।
সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন। সব মিলিয়ে ওই কেন্দ্রে প্রায় ৯০০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।



