কাইলি মিনোগের ক্যানসারজয়: সময়মতো পরীক্ষাই বাঁচিয়েছে জীবন

অস্ট্রেলিয়ার খ্যাতিমান সংগীতশিল্পী কাইলি মিনোগ জীবনের এক কঠিন অধ্যায়ের কথা প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, ২০২১ সালে দ্বিতীয়বারের মতো স্তন ক্যানসারে আক্রান্ত হলেও সময়মতো রোগ শনাক্ত হওয়ায় সফলভাবে চিকিৎসা নিয়ে এখন পুরোপুরি সুস্থ আছেন।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া কাইলি মিনোগের জীবন ও সংগীতজীবনভিত্তিক তিন পর্বের প্রামাণ্যচিত্রের শেষ পর্বে উঠে আসে এই তথ্য। সেখানে তিনি ক্যানসারের সঙ্গে নিজের লড়াইয়ের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দেন।
কাইলি জানান, ২০২১ সালে একটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার দ্বিতীয়বার স্তন ক্যানসার ধরা পড়ে। প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত হওয়ায় দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয় এবং সেই কারণেই তিনি সুস্থ হয়ে উঠতে পেরেছেন।
এর আগে ২০০৫ সালে প্রথমবার তার স্তন ক্যানসার ধরা পড়েছিল। সে সময় বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার পর তিনি বিষয়টি জনসমক্ষে না এনে ব্যক্তিগতভাবেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।
প্রামাণ্যচিত্রে আবেগঘন মুহূর্তে কাইলি বলেন, ‘সেই সময় মানসিকভাবে আমি খুবই ভেঙে পড়েছিলাম। তাই সবার সঙ্গে বিষয়টি ভাগ করে নেওয়ার মতো অবস্থায় ছিলাম না’।

প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন মাইকেল হার্ট এবং প্রযোজনা করেছে ভেঞ্চারল্যান্ড। উদ্বোধনী প্রদর্শনীতে কাইলির সঙ্গে উপস্থিত ছিলেন তার বোন ড্যানি মিনোগ এবং দীর্ঘদিনের সহশিল্পী জেসন ডনোভান।
কাইলি আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা অন্যদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হতে উৎসাহিত করবে।
চার দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে কাইলি মিনোগ বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকায় পরিণত হয়েছেন। অসংখ্য জনপ্রিয় গান ও আন্তর্জাতিক সাফল্যের পাশাপাশি ক্যানসারের বিরুদ্ধে তার দৃঢ় লড়াইও আজ অনেকের কাছে সাহস ও অনুপ্রেরণার প্রতীক।



