বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
বিবিধ

পরীক্ষা শুরুর আগে এইচএসসি পরীক্ষার্থীর ছাদ থেকে লাফ

death representational image

ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে কাচিঝুলী মসজিদ রোড এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম।

নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। পড়াশোনার সুবিধার্থে গত দুই বছর ধরে তিনি কাচিঝুলী মসজিদ রোডের ‘নাসা টাওয়ার’ নামের একটি ভবনের ছাত্রী মেসে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকাল ১০টায় এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও তার প্রায় চার ঘণ্টা আগে তিশা ভবনটির ছয়তলার ছাদ থেকে নিচে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় মেসের অন্যান্য বাসিন্দারা ঘুমিয়ে থাকায় কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ বিস্তারিত জানাতে পারেননি।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Advertisements

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষার চাপ কিংবা অন্য কোনো ব্যক্তিগত কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisements
এইচএসসিপরীক্ষার্থীময়মনসিংহ