ভূমিকম্পের পর অন্তত ৭২ ঘণ্টা টিকে থাকতে জরুরি সার্ভাইভাল কিট ব্যাগে কি কি রাখবেন?

ভূমিকম্প কখন, কোথায়, কী মাত্রায় আঘাত হানবে- তা আগাম নিশ্চিত হওয়া কঠিন। পৃথিবীর অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো ভূমিকম্পের আগাম সংকেত স্পষ্ট নয়; আর তাই এর ক্ষয়ক্ষতি অনেক সময় ভয়াবহ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ সক্রিয় ভূকম্পন অঞ্চলে অবস্থান করায় বড় ধরনের ভূমিকম্প ভবিষ্যতে ঘটতেই পারে। প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমাতে তাই প্রয়োজন ভূমিকম্পের আগেই প্রস্তুতি। আর প্রস্তুতি বলতে শুধু কিছু নিয়ম মুখস্থ করাই নয়- বরং জীবনযাত্রা, বাসস্থানের গঠন এবং পরিবারের সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনাকে সাজানো।

সার্ভাইভাল কিট বা গো-ব্যাগ, কোনো ডিভাইস নয়, তবুও এটি দুর্যোগের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলোর মধ্যে অন্যতম। এটিকে ‘গো-ব্যাগ’ (Go-Bag) বা জরুরি সরঞ্জাম ব্যাগ বলা হয়। ভূমিকম্পের পর দ্রুত ঘর থেকে বের হওয়ার সময় যেন জরুরি জিনিসপত্র সাথে নেওয়া যায়, সেজন্য এটি প্রস্তুত রাখা হয়।

এর ভেতরে সাধারণত তিন দিনের জন্য প্রয়োজনীয় খাদ্য( শুকনা খাবার), পানি, প্রাথমিক চিকিৎসা কিট এবং ব্যক্তিগত ওষুধপত্র রাখা হয়। পানি পরিশোধক ট্যাবলেট, টর্চলাইট ও অতিরিক্ত ব্যাটারি, হুইসেল, ফার্স্ট এইড কিট (First Aid Kit), কম্বল বা স্লিপিং ব্যাগ এবং নগদ টাকা এই ব্যাগের প্রধান উপাদান। বিশেষজ্ঞরা বলেন, ভূমিকম্পের পর বিদ্যুৎ, পানি বা খাবার সরবরাহ ব্যাহত হওয়া খুবই স্বাভাবিক। তাই একটি ৭২-ঘণ্টার জরুরি ব্যাগ পরিবারের জন্য অত্যন্ত জরুরি। ঝুঁকিপূর্ণ পরিবার (শিশু, অসুস্থ, পোষা প্রাণীসহ) হলে ব্যাগটি আরও বিস্তৃত হবে।



