সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আরইআই ইউনিটের উদ্বোধন

বিশ্ব বন্ধ্যত্ব সচেতনতা মাস উপলক্ষে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে নতুন রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি (আরইআই) ইউনিট। ইউনিটের উদ্বোধন উপলক্ষে হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের উদ্যোগে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুলতানা আফরোজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আইনুল ইসলাম খান, অধ্যাপক ডা. মো. রেহান উদ্দিন খান, ডা. নন্দা দুলাল সাহা, অধ্যাপক ডা. রাশিদা বেগম, অধ্যাপক ডা. শাকিলা ইশরাত এবং সহযোগী অধ্যাপক ডা. ফ্লোরিডা রহমান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম বলেন, বর্তমানে বন্ধ্যত্বের কার্যকর চিকিৎসা থাকলেও সমাজে এ বিষয়টি নিয়ে নানা ধরনের ভুল ধারণা ও সংকোচ রয়েছে। চিকিৎসাশিক্ষা, গবেষণা এবং বিশেষজ্ঞসেবার সমন্বয়ের মাধ্যমে দেশের প্রজননস্বাস্থ্যসেবাকে আরও উন্নত করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আইনুল ইসলাম খান বলেন, নতুন আরইআই ইউনিট চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফার্টিলিটি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. রাশিদা বেগম বলেন, দেশে বন্ধ্যত্ব নিয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মানসম্মত চিকিৎসা সহজলভ্য করতে হবে। এতে সন্তান প্রত্যাশী দম্পতিরা আরও কার্যকর সেবা পাবেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. সুলতানা আফরোজ জানান, সঠিক রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা এবং মানসিক সহায়তার মাধ্যমে বন্ধ্যত্বের চিকিৎসায় ইতিবাচক ফল পাওয়া সম্ভব। নবগঠিত আরইআই ইউনিট সেই লক্ষ্য নিয়েই কাজ করবে। অনুষ্ঠানে বৈজ্ঞানিক অংশীদার হিসেবে যুক্ত ছিল রেনাটা পিএলসি। প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. খাইরুল ইসলাম জানান, প্রজননস্বাস্থ্য খাতে আধুনিক সেবা সম্প্রসারণে রেনাটা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে একটি আধুনিক আইভিএফ সেন্টার প্রতিষ্ঠায়ও সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।

আলোচনা সভায় সহকারী অধ্যাপক ডা. মেহনাজ মুস্তারী ‘বিশ্ব বন্ধ্যত্ব সচেতনতা মাস জুন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যদিকে সহকারী অধ্যাপক ডা. শিরিন জাহান নতুন আরইআই ইউনিটের প্রতিষ্ঠার পটভূমি, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ডা. খালেদা নাসরিন ও ডা. দিলরুবা আখতার। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক ডা. নাফিসা জেসমিন ও ডা. নিঘাত সুলতানা। সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ডা. নিলুফার ইয়াসমিন।



