এমপি হওয়ার পর নিজের স্বাভাবিক জীবন হারিয়ে ফেলেছি: ডা. মাহমুদা মিতু

এমপি হওয়ার পর নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবন আগের মতো উপভোগ করতে পারছেন না বলে মন্তব্য করেছেন এনসিপি নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, সংসদ সদস্য হওয়ার পর থেকে জীবনের স্বাভাবিক আনন্দ, স্বাধীনতা ও ব্যক্তিগত পরিচিতি অনেকটাই হারিয়ে ফেলেছেন বলে তিনি অনুভব করছেন।
তিনি বলেন, আগে তিনি তার পেশাগত কাজ, বিশেষ করে গাইনোকোলজির বই পড়া ও চিকিৎসা-সংক্রান্ত পড়াশোনায় সময় দিতেন। কিন্তু এখন সেই আগের মতো মনোযোগ দিতে পারেন না।
ডা. মিতুর ভাষায়, দেশের জন্য কাজ করতে গিয়ে ধীরে ধীরে তার ব্যক্তিগত জীবন বদলে গেছে। আগে যে জীবনটা হাসিখুশি ও স্বতঃস্ফূর্ত ছিল, সেটি এখন অনেকটাই চাপ ও দায়িত্বের ভারে পরিবর্তিত হয়ে গেছে।
তিনি আরও লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিত্ব একসময় অনেক প্রাণবন্ত ছিল, যেখানে তিনি হাস্যরস ও আড্ডার মাধ্যমে মানুষের সঙ্গে যুক্ত থাকতেন। কিন্তু ২০২৪ সালের পর থেকে পরিস্থিতি অনেক বদলে গেছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, সংসদ সদস্য হওয়ার কারণে এখন অনেক বিষয়ে খোলামেলা প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হয় না এবং রাজনৈতিক বাস্তবতার কারণে নানা ক্ষেত্রে সমঝোতা করতে হয়।
তিনি আরও বলেন, অনেকেই মনে করেন এমপি হওয়ার ফলে তিনি অনেক কিছু পেয়েছেন, কিন্তু বাস্তবে তিনি আগের পেশাগত জীবনে চাইলে আরও বেশি আয় ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন কাটাতে পারতেন।
সংসদে বিভিন্ন আলোচনা, বিশেষ করে ‘জুলাই’ প্রসঙ্গ উঠলে মানসিকভাবে তিনি প্রভাবিত হন বলেও পোস্টে উল্লেখ করেন এই সংসদ সদস্য।
সবশেষে তিনি বলেন, রাজনৈতিক জীবনের চাপ, দায়িত্ব ও সীমাবদ্ধতা অনেক সময় ব্যক্তিগত স্বাধীনতা ও মানসিক স্বস্তির বড় মূল্য দিয়ে নিতে হয়।



