রোনালদো গোল পাননি, কিন্তু জর্জিনা জিতে নিলেন ব্র্যান্ড মার্কেটিংয়ে

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। তবে শুধু রোনালদোকে সমর্থন জানানো নয়, নিজের নতুন ফ্যাশন ব্র্যান্ড ‘মিমোয়া’র প্রচারণাও করেছেন তিনি—এমন আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

২৮ জুন কলম্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে গোলশূন্য ড্র করে পর্তুগাল। ম্যাচে রোনালদো গোলের দেখা না পেলেও গ্যালারিতে জর্জিনার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।
ম্যাচের আগে পর্তুগালে রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের ১৬তম জন্মদিনের আয়োজন করেছিলেন জর্জিনা। এরপর রোনালদো জুনিয়র ও ছোট ছেলে মাতেওকে নিয়ে মায়ামিতে উড়ে যান তিনি। সেখান থেকে ভিআইপি গ্যালারিতে বসে রোনালদোকে সমর্থন দেন।

ম্যাচে রোনালদোর দুই ছেলে বাবার নাম লেখা ৭ নম্বর জার্সি পরলেও জর্জিনার জার্সিতে ছিল ভিন্নতা। সাদা-কালো রঙের জার্সির পেছনে ‘রোনালদো’র পরিবর্তে লেখা ছিল ‘মিমোয়া’। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘হোলা’ জানিয়েছে, ‘মিমোয়া’ হলো জর্জিনা রদ্রিগেজের নতুন ফ্যাশন ব্র্যান্ড। গ্যালারিতে সেই জার্সি পরে এবং ইনস্টাগ্রামে একই পোশাকের ছবি প্রকাশ করে তিনি কার্যত নিজের ব্র্যান্ডকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছেন।
‘মিমোয়া’ মূলত অ্যাথলিজারধর্মী পোশাকের ব্র্যান্ড, যেখানে খেলাধুলা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী ফ্যাশন পণ্য তৈরি করা হয়। ব্র্যান্ডটির পোশাকের নকশা এবং পরিচালনার দায়িত্বও নিজেই সামলাচ্ছেন জর্জিনা।
ইতিমধ্যে ফ্যাশন বিশ্লেষক ও বিভিন্ন ইনফ্লুয়েন্সার জর্জিনার পরা ভি-নেক জার্সি-স্টাইলের পোশাকটির প্রশংসা করেছেন। অনেকের মতে, ম্যাচের গ্যালারিতে উপস্থিতির মাধ্যমে কোনো অতিরিক্ত প্রচারণা ছাড়াই কোটি মানুষের কাছে নিজের ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে সক্ষম হয়েছেন তিনি।



