বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২২ জুন, ২০২৬
বিবিধ

যুক্তরাজ্য থেকে ছুটে এসে ১০ বছর পর ছেলেকে বুকে জড়ালেন মা

9b01c164-157d-40d5-9563-700a4b2128bc

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসে ১০ বছর পর সন্তানের সঙ্গে দেখা করেছেন এক মা। চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার লিগ্যাল এইড কার্যালয়ে অনুষ্ঠিত শুনানির পর তাদের এই পুনর্মিলন ঘটে।

জানা যায়, শিশুটির জন্ম ২০১৩ সালে যুক্তরাজ্যে। জন্মের দেড় বছরের মধ্যে মা বাবার বিচ্ছেদ হলে শিশুটিকে সে দেশের সোশ্যাল কেয়ারে রাখা হয়। পরে যুক্তরাজ্যের আদালতের নির্দেশে শিশুটিকে বাংলাদেশে থাকা দাদির জিম্মায় দেওয়া হয়। ২০১৬ সালে শিশুটি বাংলাদেশে এসে দাদির কাছে বড় হতে থাকে।

শুরুর দিকে মায়ের সঙ্গে অনলাইনে যোগাযোগ থাকলেও পরে সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় পর ২০২৪ সালে মা বাংলাদেশে এসে সন্তানের খোঁজ পান। তবে আইনি জটিলতার কারণে তখন সরাসরি দেখা করা সম্ভব হয়নি। এরপর তিনি আবার যুক্তরাজ্যে ফিরে গিয়ে আইনগত সহায়তা নেন এবং ১৭ মে লিগ্যাল এইডে অনলাইনে আবেদন করেন।

লিগ্যাল এইড চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা এরশাদুল ইসলাম জানান, উভয় পক্ষকে নোটিশ দিয়ে আজ শুনানি অনুষ্ঠিত হয় এবং সমঝোতার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী মা প্রতি মাসের প্রথম সপ্তাহে এক ঘণ্টা অনলাইনে সন্তানের সঙ্গে দেখা করতে পারবেন। বিশেষ দিন ও উৎসবে যোগাযোগ ও উপহার বিনিময়ের সুযোগ রাখা হয়েছে এবং শিশুটির মানসিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

শুনানি শেষে মা ছেলের সঙ্গে দেখা করেন এবং তাকে জড়িয়ে ধরেন। সেখানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

লিগ্যাল এইডের সিনিয়র সহকারী জজ সুব্রত দাশ বলেন ‘যুক্তরাজ্যের আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে উভয় পক্ষের সম্মতিতে সমঝোতা সম্পন্ন হয়েছে এবং শিশুটির সর্বোচ্চ কল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে’

সন্তানের দাদি জানান শিশুটি বর্তমানে ভালো আছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করা হচ্ছে।

মা বলেন, ‘১০ বছর পর ছেলেকে বুকে জড়িয়ে ধরেছি এর চেয়ে বড় সুখ আর কিছু নেই।’ তিনি আরও বলেন, দীর্ঘ আইনি জটিলতা ও দূরত্বের কারণে এত দিন সন্তানকে কাছে পাওয়া সম্ভব হয়নি তবে এখন নিয়মিত যোগাযোগ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।