নাটোরে ভুট্টাখেতে ‘বাঘসদৃশ’ প্রাণী, এলাকায় আতঙ্ক ও ভিড়

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ এলাকায় একটি ভুট্টাখেতে বাঘসদৃশ একটি প্রাণী দেখা গেছে—এমন খবর ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড়ও বাড়তে থাকে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় আমিরগঞ্জ বাজারের কাছাকাছি ভুট্টাখেতের পাশে অস্বাভাবিক আকৃতির একটি প্রাণী দ্রুত দৌড়ে যেতে দেখা যায়। পরে শহিদুল্লাহ নামের এক যুবক প্রায় ২২ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয় এবং রাতে অনেকেই বাইরে বের হননি।
প্রত্যক্ষদর্শী শহিদুল্লাহ জানান, তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভুট্টাখেতের পাশ দিয়ে বাঘের মতো দেখতে একটি প্রাণী দৌড়ে যেতে দেখেন। তাঁর ধারণা, প্রাণীটির আকার শেয়াল বা কুকুরের চেয়ে বড় ছিল এবং চলাফেরা বাঘের মতোই মনে হয়েছে।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘বাঘ দেখার খবর পাওয়ার পর থেকে আমরা আতঙ্কে আছি। কখন কী ঘটে যায় সেই ভয় কাজ করছে।’
সোমবার সকাল থেকে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। অনেকেই প্রাণীটি আবার দেখা যায় কি না, সে আশায় ভুট্টাখেতের আশপাশে অবস্থান নেন।
এদিকে বন বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। নাটোর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ভিডিওতে প্রাণীটি স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে ওই এলাকায় বাঘ থাকার কোনো সম্ভাবনা নেই বলে তিনি উল্লেখ করেন। তাঁর ধারণা, এটি বড় আকৃতির শিয়াল হতে পারে। তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন এবং বন্যপ্রাণীকে বিরক্ত বা ক্ষতি না করার আহ্বান জানান।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, বিষয়টি খতিয়ে দেখতে তারা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর মতে, ভিডিওতে প্রাণীটি মানুষের উপস্থিতি টের পেয়ে ভুট্টাখেতের ভেতরে ঢুকে পড়ে, যা বাঘের স্বাভাবিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।



