মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে পুত্রাজায়া লেক ক্রুজে ডা. জুবাইদা রহমান

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। সোমবার সকালে পুত্রাজায়া লেকে আয়োজিত এক নৌভ্রমণে অংশ নিয়ে তিনি শহরটির মনোমুগ্ধকর পরিবেশ ও স্থাপত্য নিদর্শন ঘুরে দেখেন।
ডা. জুবাইদা রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানান ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের (ফেডারেল টেরিটরি) মন্ত্রী হান্না ইয়োহ। পরে তারা একসঙ্গে লেক ক্রুজে অংশ নেন এবং নৌযান থেকে পুত্রাজায়ার বিভিন্ন দর্শনীয় স্থাপনা ও আধুনিক স্থাপত্য উপভোগ করেন।
সফরের অংশ হিসেবে উভয়ের মধ্যে এক আন্তরিক বৈঠকও অনুষ্ঠিত হয়, যেখানে তারা প্রায় এক ঘণ্টা সময় অতিবাহিত করেন। এ সময় পুত্রাজায়ার প্রশাসনিক কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করা হয় এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সরকারি দ্বিপক্ষীয় বিদেশ সফর।
অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশ ও মালয়েশিয়ার সহযোগিতা ক্রমেই জোরদার হচ্ছে। বর্তমানে মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮তম। এছাড়া দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে রয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ দশমিক ১৮ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত বলে জানা গেছে।



