অন্তঃসত্ত্বা হওয়ার খবরের মাঝে ভাইরাল সামান্থার পুরনো সাক্ষাৎকার

দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুকে ঘিরে এখন আনন্দের আবহ। পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এসেছে নতুন সুখবর। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
প্রতিবেদনে বলা হয়েছে, সামান্থার মুখপাত্র তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সবকিছু স্বাভাবিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই তাদের ঘরে নতুন অতিথি আসতে পারে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘মা ইনতি বানগারাম’ সিনেমার সাফল্য উদযাপনের একটি ভিডিও। সেখানে রাজ নিদিমোরুর সঙ্গে উপস্থিত ছিলেন সামান্থা। নীল টি-শার্ট ও জিন্স পরা অভিনেত্রীর শারীরিক পরিবর্তন দেখে অনেকেই ধারণা করেন, তিনি সন্তানসম্ভবা। পরে সেই গুঞ্জন আরও জোরালো হয়।
মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নেটিজেনদের নজরে আসে সামান্থার একটি পুরোনো সাক্ষাৎকার। সেখানে মাতৃত্ব নিয়ে নিজের অনুভূতি ও স্বপ্নের কথা অকপটে বলেছিলেন তিনি।
সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছিলেন, বয়সকে তিনি কখনোই মাতৃত্বের পথে বাধা হিসেবে দেখেন না। তার ভাষায়, মা হওয়া জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর একটি। তিনি সবসময়ই সন্তান নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন এবং বিশ্বাস করেন, মাতৃত্বের জন্য জীবনের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
ব্যক্তিগত জীবনের দিকে তাকালে দেখা যায়, গত বছরের ডিসেম্বরে রাজ নিদিমোরুর সঙ্গে নতুন অধ্যায় শুরু করেন সামান্থা। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন সামান্থা। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।
অন্যদিকে রাজ নিদিমোরুও পূর্বে শ্যামলী দের সঙ্গে বিবাহিত ছিলেন। ২০২২ সালে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। নতুন জীবন শুরু করার পর এবার প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি।



