বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
নারী

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সেরা জান্নাতুল মাওয়া আরিশা

ChatGPT Image Jun 18, 2026, 09_23_57 PM

চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।

গত বুধবার (১৭ জুন) সকালে পটিয়া পৌর সদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এবারের বিতর্কের বিষয় ছিল—‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’।

প্রতিযোগিতায় রানারআপ হয়েছে খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়। এ ছাড়া সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দল আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দলনেতা জান্নাতুল মাওয়া আরিশা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর সহযোগিতায় পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ আয়োজন করে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপন কান্তি দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে এবং আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানুর রহমান বলেন, ‘দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি চাইলেই একদিনে বা একসঙ্গে দূর করা সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক—সব পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী মূল্যবোধ এবং ইতিবাচক মানসিকতা তৈরি করতে হবে।’

তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও সততার শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চট্টগ্রামদুর্নীতিপ্রতিযোগিতাবিতর্ক