বিয়ের ছয় মাসেই কি বদলে গেল সামান্থা আর রাজের সম্পর্ক?

দ্বিতীয় বিয়ের পর থেকেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমরু। তবে সম্প্রতি এক সিনেমার প্রচারণা অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।
গত ডিসেম্বরে সদগুরুর ঈশা যোগ সেন্টারে আধ্যাত্মিক পরিবেশে বিয়ে করেন সামান্থা ও রাজ। সে সময় নানা সমালোচনার মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এমনকি ‘ঘরভাঙানি’ তকমাও শুনতে হয়েছিল। তবে বিয়ের পর নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলতে দেখা যায়নি এই দম্পতিকে।

সম্প্রতি ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার প্রচারণায় সামান্থার সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক ও প্রযোজক রাজ নিদিমরু। সিনেমাটি ত্রলাল মুভিং পিকচার্সের ব্যানারে সামান্থা, রাজ নিদিমরু এবং হিমাঙ্ক দুভভুরু যৌথভাবে প্রযোজনা করেছেন।
অনুষ্ঠানে সামান্থার অভিনয় দক্ষতা, কাজের প্রতি নিষ্ঠা এবং প্রস্তুতির প্রশংসা করছিলেন রাজ। এ সময় দর্শকাসন থেকে তাকে অনুরোধ করা হয়, যেন তিনি সামান্থাকে ‘লাভ ইউ’ বলেন। প্রথমে বিষয়টি ঠিক বুঝতে না পারলেও সঞ্চালক ব্যাখ্যা করলে তিনি ভিন্ন ধরনের জবাব দেন।
রাজ বলেন, সামান্থাকে অনেকেই ‘লাভ ইউ’ বলেন। এখনও দর্শকদের মধ্য থেকেও অনেকে সেই কথা বলছেন। তাই ‘ভালোবাসি’ শব্দটিতে নতুনত্বের কিছু নেই।
তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা। কেউ প্রশ্ন তোলেন, বিয়ের ছয় মাসের মধ্যেই কি স্ত্রী সামান্থার প্রতি রাজের মোহ কমে গেছে? আবার কেউ মনে করেন, অভিনেত্রী স্ত্রীর বিপুল জনপ্রিয়তা নিয়ে তিনি অস্বস্তিতে ভুগছেন কি না।
তবে পরবর্তী মন্তব্যেই বিষয়টি পরিষ্কার করেন রাজ। সামান্থার দিকে তাকিয়ে তিনি বলেন, ‘তোমার মতো একজন দুর্ধর্ষ অভিনেত্রীর সঙ্গে কাজ করা সত্যিই রোমাঞ্চকর। এই মুহূর্তে আমি তোমাকে একজন অভিনেত্রী হিসেবেই দেখছি এবং সেভাবেই আচরণ করছি।’
রাজের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ব্যক্তিগত অনুভূতি ও দাম্পত্য জীবনের ভালোবাসা তিনি জনসমক্ষে প্রকাশ করতে স্বচ্ছন্দ নন। বরং পেশাগত মঞ্চে সামান্থাকে একজন সহকর্মী ও অভিনেত্রী হিসেবেই মূল্যায়ন করতে চান তিনি।



