রাতে মেট্রোরেলের সময় বাড়ানোর চিন্তা ডিএমটিসিএল-এর

রাতে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে এখন রাতেও দিনের ব্যস্ত সময়ের মতোই ভিড় দেখা যাচ্ছে মেট্রোরেলে। এই পরিস্থিতিতে রাতের চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, সময় বাড়ানোর পর প্রতিদিন গড়ে প্রায় সাড়ে আট হাজার যাত্রী অতিরিক্ত যুক্ত হচ্ছেন মেট্রোরেলে।
৭ জুন থেকে উভয় দিক থেকে রাতের ট্রেন চলাচল ২০ মিনিট করে বাড়ানো হয়। এর ফলে মতিঝিল থেকে উত্তরা পথে সর্বশেষ ট্রেন এখন ছাড়ে রাত সাড়ে ১০টায়, আর উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে। অতিরিক্ত সময়ে দুটি ট্রেন চলাচল করছে।
মেট্রোরেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একটি ট্রেনে সর্বোচ্চ প্রায় ২ হাজার ৩০০ যাত্রী পরিবহন করা যায়। সে হিসেবে দুইটি অতিরিক্ত ট্রেনে প্রায় ৪ হাজার ৬০০ যাত্রী পরিবহন সম্ভব হলেও প্রকৃত যাত্রী বৃদ্ধি আরও বেশি হচ্ছে। কারণ শেষ ট্রেনের আগের কয়েকটি ট্রেনেও যাত্রীচাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ডিএমটিসিএলের হিসাব অনুযায়ী, সময় বাড়ানোর আগে কর্মব্যস্ত দিনে চার লাখের কিছু বেশি যাত্রী মেট্রোরেলে চলাচল করতেন। সম্প্রতি এক দিনে সর্বোচ্চ যাত্রীসংখ্যা ৪ লাখ ২৯ হাজার ছাড়িয়ে গেছে।
মেট্রোরেলের কারওয়ান বাজার ও মিরপুর রুটে রাতের সময়েও তীব্র ভিড় দেখা যাচ্ছে। যাত্রীরা জানান, শেষ ট্রেনেও দিনের ব্যস্ত সময়ের মতোই চাপ থাকে, অনেক সময় পরের ট্রেন পর্যন্ত অপেক্ষা করতে হয়।
ডিএমটিসিএল-এর একাধিক সূত্র জানায়, রাতের যাত্রীচাপ বিবেচনায় সময় আরও বাড়ানোর পরিকল্পনা চলছে। সিদ্ধান্ত হলে আগামী মাস থেকে রাতের সর্বশেষ ট্রেন মতিঝিল থেকে রাত ১১টায় এবং উত্তরা থেকে রাত ১০টা ২০ মিনিটে ছাড়তে পারে।
ডিএমটিসিএল পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, ‘সর্বশেষ সময় বাড়ানোর পর যাত্রীর চাপ বেড়েছে। তাই আরও সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় আছে।’
তিনি আরও জানান, রাতের বর্ধিত সময় চালু রাখতে হলে ট্রেন, লাইন ও ওয়ার্কশপে রক্ষণাবেক্ষণের সময় সমন্বয় করতে হবে। এজন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি চলছে।
বর্তমানে ২৪ সেট ট্রেন দিয়ে মেট্রোরেল পরিচালিত হচ্ছে। পিক আওয়ারে ১২ সেট ট্রেন চলাচল করে, যা বাড়িয়ে ১৪ সেট পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে সাড়ে তিন মিনিট অন্তর ট্রেন চালানোর সক্ষমতাও রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রথম মেট্রোরেল চালু হয়। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে প্রতিদিন গড়ে সোয়া চার লাখ যাত্রী চলাচল করছেন।



