বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
বিনোদন

এআই অপব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিনতা

1520200140665

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এআই-নির্ভর ডিপফেক ভিডিও ও ডিজিটাল কনটেন্টের অপব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করতে অনুমতি পেয়েছেন। বোম্বে হাইকোর্টের অনুমতির ফলে তিনি গুগল এলএলসি, মেটা প্ল্যাটফর্মসসহ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করতে পারবেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৬ জুন) আদালত এই অনুমতি প্রদান করে। প্রীতি জিনতার অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার নামে ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, মিম এবং চ্যাটবট-নির্ভর ভুয়া কনটেন্ট তৈরি ও প্রচার করা হচ্ছে। এসব কনটেন্ট তার ব্যক্তিত্ব অধিকার, কপিরাইট এবং পেশাগত সুনাম ক্ষুণ্ণ করছে বলে দাবি করা হয়েছে।

আদালতে প্রীতি জিনতার পক্ষে আইনজীবী রোহান কদম যুক্তি তুলে ধরে বলেন, দেশি-বিদেশি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এসব ভুয়া কনটেন্ট অভিনেত্রীর ব্যক্তিগত মর্যাদা ও পেশাগত ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আদালত তার আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দেয়।

এটি প্রথম কোনো ঘটনা নয়। গত দুই বছরে ডিপফেক ও ভুয়া ডিজিটাল কনটেন্টের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বলিউডের আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি, প্রয়াত সংগীতশিল্পী আশা ভোঁসলে এবং অরিজিৎ সিং।

আইনজীবীদের ভাষ্য, অভিযোগিত কনটেন্ট শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে এসব কনটেন্ট নিয়ন্ত্রণ ও অপসারণ করা দিন দিন আরও জটিল হয়ে উঠছে। প্রযুক্তির দ্রুত বিস্তারের এই সময়ে ডিপফেক ও এআই-নির্ভর ভুয়া তথ্যের অপব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এআইপ্রীতি জিনতাবলিউড