খরার ধাক্কা কাটিয়ে উঠছে আমাজন, তবে রয়ে গেছে ঝুঁকি

টানা দুই বছরের তীব্র খরার পর ২০২৫ সালে ব্রাজিলের আমাজন অঞ্চলের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে দীর্ঘমেয়াদে পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থাগুলো।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। রিও ডি জেনেইরো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বিশ্বের মোট স্বাদুপানির সরবরাহের প্রায় ১২ শতাংশ ব্রাজিলে রয়েছে, যার প্রায় দুই-তৃতীয়াংশই আমাজন অঞ্চলে।
ভূমির ব্যবহার ও ভূমি আচ্ছাদনের পরিবর্তন পর্যবেক্ষণকারী নেটওয়ার্ক ম্যাপবায়োমাসের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় বৃষ্টিপাত বৃদ্ধির ফলে ২০২৫ সালে আমাজনের পানির স্তর ঐতিহাসিক গড়ের চেয়ে ২ দশমিক ৬ শতাংশ বেশি ছিল।
তবে পরিস্থিতির উন্নতি হলেও সংস্থাটি সতর্ক করে বলেছে, চরম আবহাওয়াজনিত ঘটনা ক্রমেই বাড়ছে। ফলে সামগ্রিক পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
ম্যাপবায়োমাসের আমাজন টিমের সদস্য ব্রুনো ফেরেইরা বলেন, জলবায়ু পরিবর্তন ও ভূমি ব্যবহারের পরিবর্তনের কারণে জলপ্রবাহ ব্যবস্থায় অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে এবং চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আমাজন অববাহিকার দক্ষিণে অবস্থিত ব্রাজিলের জলাভূমি অঞ্চল পানতানালে ২০২৫ সালের শেষে পানির স্তর ঐতিহাসিক গড়ের তুলনায় ৫৬ শতাংশ কম ছিল। যদিও ২০২৪ সালের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে, তবু অঞ্চলটি এখনো বড় চাপের মধ্যে রয়েছে।
২০২৪ সালে পানতানাল কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়ে।
এদিকে, প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা এল নিনোর প্রভাব নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। সাধারণত এই ঘটনা আমাজনের বিভিন্ন অংশে খরা সৃষ্টি করে।
মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত এই ঘটনাটি গত সপ্তাহে শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, বছরের শেষ নাগাদ এটি রেকর্ডে থাকা সবচেয়ে তীব্র এল নিনোগুলোর একটি হয়ে উঠতে পারে।



