বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
নারী

দুইবারের বেশি মাতৃত্বকালীন ছুটি না দেওয়ার বিধান নিয়ে আইনি প্রশ্ন

court ph

কোনো নারী কর্মীর চাকরিজীবনে দুইবারের বেশি প্রসূতি ছুটি না থাকা এবং কোনো প্রতিষ্ঠানে ছয় মাস চাকরি না করলে প্রসূতি ছুটি না পাওয়ার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

রিটে ২০০৬ সালের শ্রম আইনের প্রসূতি কল্যাণ সুবিধা প্রাপ্তির অধিকার ও তা প্রদানের দায়িত্বসংক্রান্ত ৪৬ ধারা এবং বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) প্রসূতি ছুটিসংক্রান্ত ১৯৭ বিধির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আবেদনকারীর তথ্য অনুযায়ী, বিএসআরের ১৯৭ বিধিতে বলা হয়েছে, একজন মহিলা কর্মচারী তার পুরো চাকরিজীবনে দুইবারের বেশি প্রসূতি ছুটি পাবেন না। অন্যদিকে শ্রম আইনের ৪৬(১) ধারা অনুযায়ী, কোনো নারী কর্মী কোনো প্রতিষ্ঠানে অন্যূন ছয় মাস চাকরি না করলে তিনি প্রসূতি ছুটির সুবিধা পাবেন না। এছাড়া ৪৬(২) ধারা অনুসারে, কোনো নারী কর্মীর প্রসবের সময় দুই বা ততোধিক সন্তান জীবিত থাকলে, ছয় মাসের বেশি চাকরি করলেও তিনি প্রসূতি ছুটির সুবিধা থেকে বঞ্চিত হবেন।

আইনজীবী ইশরাত হাসান জানান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির ওপর শুনানি হতে পারে।

Advertisements

সাক্ষাৎকারে বলেন, ‘সার্বিকভাবে দুটি বিধানের মূল কথা হচ্ছে তৃতীয় সন্তানের ক্ষেত্রে প্রসূতি ছুটি নেই। এমনকি শ্রম আইনের বিধান অনুযায়ী ছয় মাসের কম চাকরি করলে প্রথম কিংবা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কোনো নারী কর্মী মাতৃত্বকালীন কোনো ছুটি পাবেন না। এটি খুবই অমানবিক’।

তিনি আরও বলেন, ‘একজন নারীর প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় সন্তান জন্মদানের ক্ষেত্রে প্রসবজনিত শারীরিক ঝুঁকি, চিকিৎসা, বিশ্রাম এবং নবজাতকের যত্নের প্রয়োজনীয়তা একই। ফলে শুধু সন্তানের সংখ্যার ভিত্তিতে প্রসূতিকালীন ছুটি বা সুবিধা থেকে বঞ্চিত করা বৈষম্যমূলক, অযৌক্তিক এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’।

রিটের প্রার্থনায় শ্রম আইনের ৪৬(১) ও ৪৬(২) ধারায় মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছে।

একই সঙ্গে তৃতীয় অথবা পরবর্তী সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিষয়ে বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) ১৯৭(১) ও ১৯৭(১এ) বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব, জনপ্রশাসনসচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, সমাজকল্যাণসচিব ও স্বাস্থ্যসচিবসহ মোট ১৩ জনকে বিবাদী করা হয়েছে।

Advertisements
আইনছুটিনারীমাতৃত্বকালীন