বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৫ জুন, ২০২৬
বিনোদন

নেইমারদের ম্যাচে এলিয়েন হামলা? দাবি ব্রাজিলের জ্যোতিষী ভো বাহিয়ানার

cover

২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে এক অদ্ভুত ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্রাজিলের জনপ্রিয় জ্যোতিষী ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ভো বাহিয়ানা (এলিসাঞ্জেলা দে সুজা) দাবি করেছেন, বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের মায়ামির একটি স্টেডিয়ামে ভিনগ্রহীদের মহাকাশযান অবতরণ করতে পারে এবং সেখানে উপস্থিত শত শত মানুষকে অপহরণ করা হতে পারে।

দুই কোটিরও বেশি অনুসারীসমৃদ্ধ এই জ্যোতিষী সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে জানান, একটি স্বপ্নে তিনি এমন দৃশ্য দেখেছেন। তার ভাষ্যমতে, ফুটবল ম্যাচ চলাকালে একটি বিশাল ইউএফও স্টেডিয়ামে অবতরণ করবে এবং শতাধিক এলিয়েন সেখানে উপস্থিত হবে। এর ফলে দর্শক, খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং ৭০০-এরও বেশি মানুষ নিখোঁজ হতে পারেন বলে তিনি দাবি করেন।

ভো বাহিয়ানা বিশেষভাবে ২০২৬ সালের ২৪ বা ২৬ জুনের কথা উল্লেখ করে ওই সময় মায়ামির স্টেডিয়াম এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি অনেক চিৎকার, কান্না ও কষ্টের দৃশ্য দেখেছি। যারা পারবেন, ওই দিন স্টেডিয়াম থেকে দূরে থাকুন।’

কিছু ফুটবলপ্রেমীর ধারণা, তিনি সম্ভবত মায়ামির Hard Rock Stadium-এ অনুষ্ঠিতব্য সম্ভাব্য ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের কথাই ইঙ্গিত করেছেন। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে ব্রাজিলের অভিনেতা ও কনটেন্ট নির্মাতা Jey Cleo বিষয়টি নিয়ে আলোচনা আরও উসকে দিয়েছেন। টিকটকে প্রকাশিত এক ভিডিওতে তিনি ঘটনাটিকে ভবিষ্যতের কোনো বড় পরিবর্তনের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

অনেকে এই দাবির সঙ্গে ২০২৪ সালে মায়ামির একটি শপিং মলকে ঘিরে ছড়িয়ে পড়া কথিত ‘এলিয়েন’ গুজবের তুলনা করছেন। সে সময় আতশবাজি ফোটানো ও পুলিশের ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা ধরনের ভিনগ্রহী-সম্পর্কিত দাবি ছড়িয়ে পড়লেও পরে সেগুলো ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।

বিশেষজ্ঞদের মতে, ভো বাহিয়ানার এই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য নেই। তাই বিষয়টিকে বাস্তব ঘটনার পূর্বাভাস হিসেবে নয়, বরং ব্যক্তিগত বিশ্বাস, স্বপ্ন বা অনুমান হিসেবেই দেখা উচিত।

তবে বিতর্কিত এই ভবিষ্যদ্বাণী ইতোমধ্যে নেটদুনিয়ায় কৌতূহল, হাস্যরস ও আলোচনা—সবকিছুরই জন্ম দিয়েছে। কেউ প্রশ্ন তুলেছেন, এত দূর থেকে এলিয়েনরা এলে তারা কি শুধুই ফুটবল তারকাদের খেলা দেখতে আসবে?

 আবার অনেকে পুরো ঘটনাকে জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে ছড়ানো একটি গুজব বলেই মনে করছেন।

এলিয়েনজ্যোতিষীনেইমারব্রাজিলম্যাচহামলা