বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৩ জুলাই, ২০২৬
বিবিধ

শুঁটকি কারখানার শিশুশ্রমিক থেকে জেলার সেরা দৌড়বিদ: জুবাইদার অনুপ্রেরণার গল্প

WhatsApp Image 2026-06-14 at 3.04.28 PM

দুই বছর আগেও কক্সবাজারের চৌফলদন্ডীর কিশোরী জুবাইদার পরিচয় ছিল একজন শিশুশ্রমিক হিসেবে। জীবিকার তাগিদে মায়ের সঙ্গে শুঁটকি কারখানায় কাজ করত সে। অল্প বয়সেই বাবাকে হারানোর পর পরিবারের দায়িত্বের একটি অংশ এসে পড়ে তার ছোট্ট কাঁধে। ফলে পড়াশোনা ও শৈশবের স্বাভাবিক আনন্দ থেকে অনেকটাই দূরে সরে যেতে হয়েছিল তাকে।

জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে পরিবারটি কক্সবাজারে আশ্রয় নেয়। অর্থনৈতিক সংকটের কারণে স্কুলে যাওয়ার সুযোগ হারিয়ে ফেলেছিল জুবাইদা। কিন্তু তার জীবন বদলে দেয় ইপসার ‘ফ্রি কিডস’ প্রকল্প।

শিশুশ্রম নিরসনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ইপসা। দাতা সংস্থা সলিডার সুইসের অর্থায়নে চট্টগ্রাম, সীতাকুণ্ড ও কক্সবাজার এলাকায় পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে জড়িত শিশুদের বিদ্যালয়ে ভর্তি, শিক্ষা উপকরণ প্রদান, নিয়মিত শিক্ষা সহায়তা, বিনোদনমূলক কার্যক্রম এবং পরিবারভিত্তিক বিভিন্ন সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে অভিভাবকদের জীবিকা উন্নয়ন প্রশিক্ষণ ও বড় শিশুদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়।
এই প্রকল্পের আওতায় প্রি-স্কুলিং ও শিক্ষা সহায়তা পেয়ে জুবাইদা আবারও বিদ্যালয়ে ফিরতে সক্ষম হয়। শুধু তাই নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহী হয়ে ওঠে সে।

অদম্য ইচ্ছাশক্তি আর সঠিক সহায়তার ফলে আজ জুবাইদা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ১০০ মিটার বালিকা দৌড়ে টানা দুই বছর- ২০২৫ ও ২০২৬ সালে কক্সবাজার জেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

Advertisements

একসময় যে মেয়েটি শুঁটকি কারখানায় শ্রম দিত, আজ সে জেলার সেরা দৌড়বিদদের একজন। জুবাইদার এই সাফল্য প্রমাণ করে, সুযোগ ও সহায়তা পেলে শিশুশ্রমে জড়িত শিশুরাও নিজেদের প্রতিভা বিকশিত করে সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠতে পারে।

Advertisements
অনুপ্রেরণাজুবাইদাদৌড়বিদশিশুশ্রমিকশুঁটকি কারখানা