বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৩ জুন, ২০২৬
নারী

অ্যাম্বুলেন্স নেই, মাচায় করেই হাসপাতালে প্রসূতি নারী

WhatsApp Image 2026-06-13 at 6.34.07 PM

রাঙামাটির বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের ভরতপাড়া এলাকায় দুর্গম পাহাড়ি পথে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি মাচায় করে এক প্রসূতি নারীকে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে ওই নারী হাসপাতালে স্বাভাবিকভাবে কন্যাসন্তানের জন্ম দেন।

শনিবার (১৩ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রায় ১০ জন গ্রামবাসী মাচায় করে প্রসববেদনায় কাতর এক নারীকে পাহাড়ি পথে বহন করে নিয়ে যাচ্ছেন। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিতে তাদের সময় লাগে আড়াই ঘণ্টার বেশি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে জেসিকা চাকমা (১৯) নামের ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে সকাল ৭টার দিকে গ্রামবাসীর সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে তাকে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়।

হাসপাতালে পৌঁছানোর কিছু সময় পরই তিনি স্বাভাবিকভাবে একটি কন্যাসন্তানের জন্ম দেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ আছেন।

ভিডিওতে দেখা যায়, গ্রামবাসীরা বাঁশের তৈরি অস্থায়ী মাচায় করে পাহাড়ি ঢাল ও দুর্গম পথ পাড়ি দিচ্ছেন। ভিডিও ধারণকারীদের একজন সুমন জ্যোতি চাকমা বলেন, এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতিতে রোগী পরিবহন করতে হয়।

তিনি আরও জানান, এই এলাকায় অ্যাম্বুলেন্স তো দূরের কথা, কোনো পাকা সড়কও নেই। ফলে জরুরি রোগী, বিশেষ করে প্রসূতিদের ক্ষেত্রে স্থানীয়দেরই মাচা বা দোলার ওপর ভরসা করতে হয়।

আইমাছড়া ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য শুভ মালা চাকমা বলেন, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চলে স্বাস্থ্যসেবায় বড় ধরনের ভোগান্তি হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, রোগীকে সময়মতো হাসপাতালে আনা সম্ভব হওয়ায় স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।

নারীপাহাড়ি পথেপ্রসূতিরাঙামাটি