টাকা দিয়েও দেখা গেল না বিশ্বকাপ, ক্ষুব্ধ দর্শকরা

এবারের ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে অনলাইনে দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল টুর্নামেন্ট শুরুর আগমুহূর্ত পর্যন্ত। পরে সেই অনিশ্চয়তা কাটিয়ে দেশের তিনটি টেলিভিশন চ্যানেলের পাশাপাশি তিনটি অনলাইন ভিডিও প্ল্যাটফর্মও সব ম্যাচ সরাসরি সম্প্রচারের ঘোষণা দেয়। এ জন্য গ্রাহকদের আকৃষ্ট করতে বিশেষ বিশ্বকাপ প্যাকেজও চালু করা হয়েছিল।
তবে টুর্নামেন্ট শুরুর পরপরই দেখা দিয়েছে বড় ধরনের ভোগান্তি। অভিযোগ উঠেছে, ঘোষণার পরও দেশের তিনটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ দেখতে পারেননি বহু গ্রাহক। ম্যাচ শুরুর সময় প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ, লগইন কিংবা সরাসরি সম্প্রচার চালু করতেই সমস্যার মুখে পড়েন দর্শকেরা।
গত রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে দেখা যায় অসংখ্য গ্রাহককে। অনেকে অভিযোগ করেছেন, অর্থ খরচ করে বিশেষ প্যাকেজ বা নিয়মিত সদস্যপদ কিনলেও ম্যাচ দেখার সুযোগ পাননি তারা।
বর্তমানে মোবাইল ফোনের পাশাপাশি স্মার্ট টেলিভিশনেও খেলা দেখার প্রবণতা বাড়ছে। সেই কারণে অনেক দর্শক অনলাইন প্ল্যাটফর্মের ওপর নির্ভর করলেও সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে। বারবার প্রযুক্তিগত সমস্যার কারণে অনেক দর্শক বাধ্য হয়ে অবৈধ তৃতীয় পক্ষের বিভিন্ন ওয়েবসাইটের দিকে ঝুঁকছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।
অনেক গ্রাহকের দাবি, এসব প্ল্যাটফর্ম বিপণন ও প্রচারণায় যতটা গুরুত্ব দেয়, প্রযুক্তিগত সক্ষমতা এবং গ্রাহকসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ততটা প্রস্তুতি দেখাতে পারেনি। ফলে বড় আয়োজনের শুরুতেই তৈরি হয়েছে ব্যাপক অসন্তোষ।
খেলা সম্প্রচারে ব্যর্থতার কারণ জানতে সংশ্লিষ্ট তিনটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করা হলে কেউই নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি। তবে প্রযুক্তিগত ত্রুটি স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।
একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের মালিকানাধীন প্ল্যাটফর্ম জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত কারিগরি সমস্যার কারণে কিছু গ্রাহক বিশ্বকাপের সরাসরি সম্প্রচার দেখার সময় বিঘ্নের মুখে পড়েছেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানানো হয়।
আরেক প্ল্যাটফর্মের পক্ষ থেকে বলা হয়েছে, সমস্যাগুলো চিহ্নিত করে সেবা আরও স্থিতিশীল করতে প্রযুক্তিগত অংশীদার ও সম্প্রচারস্বত্ব সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
তবে অন্য একটি প্ল্যাটফর্ম দাবি করেছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকেই কয়েক লাখ দর্শক তাদের মাধ্যমে খেলা উপভোগ করেছেন এবং দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন তারা।
বিশ্বকাপের মতো বড় ক্রীড়া আয়োজনের শুরুতেই অনলাইন সম্প্রচারে এমন বিভ্রাট তৈরি হওয়ায় দেশের দর্শকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে অর্থ খরচ করে সেবা নেওয়ার পরও কাঙ্ক্ষিত অভিজ্ঞতা না পাওয়ায় প্রশ্ন উঠেছে দেশের অনলাইন বিনোদন প্ল্যাটফর্মগুলোর প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে।



