বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
স্পটলাইট

বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে তরুণীর রহস্যজনক মৃত্যু

Dead-mtdh

ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সুতিপাল (২১)।

পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হিসেবে প্রাথমিকভাবে জানা গেছে।

পরিবার ও সহপাঠীদের বরাতে জানা যায়, রবিবার (৭ জুন) বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে জোরারগঞ্জ থানা এলাকার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বাইপাস সড়ক এলাকায় ঘটনাটি ঘটে।

সুতিপাল চট্টগ্রামের আনোয়ারা থানার হাইলদর ইউনিয়নের বাসিন্দা টিটু পালের মেয়ে। তিনি ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিএড (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং কলেজ হোস্টেলে থাকতেন।

Advertisements

নিহতের বোনের অভিযোগ অনুযায়ী, তার বান্ধবী রাস্তি সুলতানা ও তার প্রেমিক তানভীর হোসেন সুতিপালকে ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে যান। পরে তাকে জোরারগঞ্জ বাইপাস এলাকায় আহত অবস্থায় পাওয়া যায় এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

নিহতের বোন দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কলেজের অধ্যক্ষ রমজান আলী শিকদার বলেন, সুতিপাল বিকেলে প্রাইভেট পড়তে বের হয়েছিলেন এবং পরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

অন্যদিকে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম জানান, প্রাথমিকভাবে তারা জেনেছেন এটি একটি সড়ক দুর্ঘটনা। তবে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড-তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট ও আনুষ্ঠানিক তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Advertisements
তরুণীফেনীরহস্যজনক মৃত্যু