বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৮ জুন, ২০২৬
নারী

ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে বাংলাদেশকে হারাল ‘আর্জেন্টিনা’

dfg

ফুটবল বিশ্বকাপের উত্তাপ এখনও মাঠে গড়ায়নি, কিন্তু তার আবহ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রত্যন্ত জনপদেও। আর সেই উন্মাদনাকে ঘিরেই নারী ফুটবলের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ময়মনসিংহের কলসিন্দুরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ‘অদম্য নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।

ভারত সীমান্তঘেঁষা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রাম বহুদিন ধরেই দেশের নারী ফুটবলের অন্যতম প্রতিভার উৎস। জাতীয় দলের পরিচিত মুখ সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র ও শিউলি আজিমের মতো খেলোয়াড়দের উত্থান এখান থেকেই।

শনিবার ব্র্যাকের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেয় কলসিন্দুর ফুটবল একাডেমির খেলোয়াড়রা। বিশ্বকাপের আবহকে সামনে রেখে তাদের চারটি দলে ভাগ করা হয়- বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানি। মাঠে যেন ছোট্ট এক বিশ্বকাপ!

দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পর ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ভাগ্য ও দক্ষতার পরীক্ষায় জয়ী হয় আকাশি-সাদা জার্সিধারী ‘আর্জেন্টিনা’। টাইব্রেকারের নাটকীয় লড়াই শেষে লাল-সবুজের ‘বাংলাদেশ’কে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা।

বাংলাদেশ দলের স্ট্রাইকার হাসিনা ও মিডফিল্ডার পিংকি নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও আর্জেন্টিনা দলের সাথী, জিম ও রিতিকাদের দুর্দান্ত সমন্বয়, গতি এবং স্কিল শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। মাঠজুড়ে তাদের নৈপুণ্যে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।

এদিকে একই দিনে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভারত ফাইনাল ঘিরেও গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ। কারণ জাতীয় দলের জার্সিতে মাঠে থাকা কয়েকজন খেলোয়াড়ও এই কলসিন্দুরেরই কন্যা। ফলে স্থানীয় টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ম্যাচ- দুই আবেগেই ভাসছিল পুরো গ্রাম।

নারী ফুটবলের বিকাশে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলা কলসিন্দুর একাডেমির সঙ্গে ২০২৫ সাল থেকে যুক্ত হয়েছে ব্র্যাক। খেলোয়াড়দের প্রশিক্ষণ, ক্রীড়া সরঞ্জাম এবং বয়সভিত্তিক দল থেকে আন্তর্জাতিক অঙ্গনে ওঠার পথ তৈরি করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন (মুকুল)সহ স্থানীয় প্রশাসন ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফাইনালে আর্জেন্টিনা জিতলেও, দিনের শেষে প্রকৃত বিজয়ী ছিল নারী ফুটবলই। কারণ কলসিন্দুরের সবুজ মাঠে আবারও প্রমাণ হয়েছে-স্বপ্ন দেখার সাহস থাকলে গ্রামের মেয়েরাও একদিন দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চ আলোকিত করতে পারে।

আর্জেন্টিনাফুটবল টুর্নামেন্টবাংলাদেশ