বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৬ জুন, ২০২৬
বিনোদন

জাহ্নবী কাপুরকে ‘গ্ল্যামার অবজেক্ট’ হিসেবে দেখানোর অভিযোগ, ক্ষমা চাইলেন পরিচালক

পেড্ডি ফ

মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য পেলেও দক্ষিণি সুপারস্টার রাম চরণের প্যান-ইন্ডিয়া ছবি ‘পেড্ডি’ এখন আলোচনায় ভিন্ন কারণে। ছবিতে অভিনেত্রী জাহ্নবী কাপুরের চরিত্র উপস্থাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে তীব্র সমালোচনা। অভিযোগ, তাকে কেবল ‘গ্ল্যামার অ্যাসেট’ বা দর্শক টানার উপাদান হিসেবে দেখানো হয়েছে।

বিতর্কের মুখে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ছবির পরিচালক বুচি বাবু সানা এবং কিছু দৃশ্য পুনর্নির্মাণেরও ঘোষণা দিয়েছেন তিনি।

৪ জুন মুক্তি পাওয়া ‘পেড্ডি’ তে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন রাম চরণ ও জাহ্নবী কাপুর। মুক্তির আগেই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। তবে ট্রেলার ও প্রচারণামূলক কনটেন্ট প্রকাশের পর থেকেই জাহ্নবীর চরিত্র ‘অচিয়াম্মা’কে ঘিরে প্রশ্ন ওঠে।

সমালোচকদের অভিযোগ, ছবির একাধিক দৃশ্যে নারীচরিত্রকে অপ্রয়োজনীয়ভাবে যৌন আবেদনময়ভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে ক্যামেরা অ্যাঙ্গেল, পোশাক নির্বাচন এবং কিছু সংলাপ নিয়ে আপত্তি জানিয়েছেন দর্শকদের একটি অংশ। তাদের দাবি, গুরুত্বপূর্ণ সামাজিক ও আবেগঘন প্রসঙ্গেও নারীচরিত্রের উপস্থাপনায় সংবেদনশীলতার ঘাটতি রয়েছে।

বিতর্ক আরও তীব্র হয় দক্ষিণি অভিনেত্রী গায়ত্রী চাগান্তির মন্তব্যের পর। তিনি বলেন, জাহ্নবীকে অনেক ক্ষেত্রেই অভিনয়ের চেয়ে তার শারীরিক উপস্থিতির দিকেই বেশি গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়। তার মতে, মূলধারার বাণিজ্যিক সিনেমায় এটি একটি পুনরাবৃত্ত প্রবণতা।

পরিস্থিতি ঘনীভূত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে পরিচালক বুচি বাবু সানা দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সিনেমার উদ্দেশ্য কখনোই কাউকে অস্বস্তিতে ফেলা বা অসম্মান করা নয়। দর্শকদের প্রতিক্রিয়াকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দৃশ্যগুলো পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নারীচরিত্রকে সম্মানজনক ও অর্থবহভাবে উপস্থাপন করাই নির্মাতাদের দায়িত্ব।

এদিকে, পুরো বিতর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি জাহ্নবী কাপুর। তার নীরবতা নিয়েও চলছে আলোচনা।

নারীচরিত্রের উপস্থাপনাকে ঘিরে এই বিতর্ক নতুন নয়—‘পেড্ডি’ কেবল সেই পুরোনো প্রশ্নকেই আবারও সামনে এনে দিয়েছে বলে মনে করছেন সমালোচকেরা।

জাহ্নবীপরিচালকপেড্ডিবিতর্ক