ঈদের দীর্ঘ ছুটির ইতি, রোববার খুলছে স্কুল-কলেজ

দীর্ঘ ছুটি শেষে আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামীকাল রোববার (৭ জুন) থেকে দেশের সব স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হচ্ছে। দীর্ঘ ছুটি শেষে শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়। এর আগে ২১ মে শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি ছিল। নির্ধারিত ছুটি শেষ হয়েছে ৪ জুন।
তবে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ৭ জুন রোববার থেকে পুনরায় খুলছে। এতে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে।
অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের নিয়মিত পাঠচর্চায় ফিরে আসা শিক্ষাবর্ষের কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নতুন উদ্যমে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।



