ঘরে নবজাতক থাকলে এসি চালাবেন কীভাবে? না জানলে হতে পারে বিপদ

তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন। কোথাও সাময়িক কালবৈশাখীর হাওয়া স্বস্তি দিলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। ফলে অনেকেই ঘরে স্বস্তি পেতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি)-র ওপর নির্ভর করছেন। নতুন করে এসি কেনার প্রবণতাও বাড়ছে। তবে নবজাতক থাকা পরিবারগুলোকে এই যন্ত্র ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
চিকিৎসকদের মতে, নবজাতক শিশুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা পুরোপুরি বিকশিত হয় না। তাই অতিরিক্ত ঠান্ডা বা গরম- দুটোই তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রশ্ন ওঠে, তাহলে কি নবজাতক থাকলে এসি ব্যবহার বন্ধ রাখতে হবে? বিশেষজ্ঞদের উত্তর- না, তবে সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে হবে।
নবজাতকের জন্য আদর্শ ঘরের তাপমাত্রা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. তোফাজ্জল হোসেন খান জানান, নবজাতকের জন্য ঘরের তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকাই নিরাপদ। এই সীমার মধ্যে এসি ব্যবহার করলে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু তাপমাত্রা এর নিচে নেমে গেলে শিশুর শরীর দ্রুত তাপ হারাতে পারে, ফলে ঠান্ডাজনিত জটিলতা যেমন সর্দি, কাশি কিংবা শ্বাসকষ্টের ঝুঁকি তৈরি হতে পারে।
ব্যবহার হতে হবে নিয়ন্ত্রিত
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এসি দীর্ঘ সময় একটানা চালু রাখা উচিত নয়। কিছু সময় চালিয়ে ঘরকে আরামদায়ক তাপমাত্রায় এনে পরে বন্ধ করে দেওয়াই ভালো। বিশেষ করে রাতের শেষ ভাগ ও ভোরের দিকে পরিবেশের তাপমাত্রা স্বাভাবিকভাবেই কমে যায়, তখন এসি বন্ধ রাখাই শ্রেয়।
ঘুমের সময় এসি চালু রাখা হলেও সেটির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। খুব বেশি ঠান্ডা সেটিংস নবজাতকের জন্য ক্ষতিকর হতে পারে।
শিশুর যত্নে বাড়তি সতর্কতা
নবজাতককে অবশ্যই আরামদায়ক ও আবহাওয়ার উপযোগী পোশাক পরাতে হবে। এসির ঠান্ডা বাতাস যেন সরাসরি শিশুর শরীরে না লাগে, সেদিকেও খেয়াল রাখতে হবে। শিশুর হাত-পা বা শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত এসি বন্ধ করে শিশুকে স্বাভাবিক তাপমাত্রায় আনার ব্যবস্থা করতে হবে।
পরিবারের অন্যান্য শিশুদের ভূমিকা
অনেক বাড়িতেই ছোট শিশু থাকে, যারা এসির ব্যবহার সম্পর্কে পুরোপুরি সচেতন নয়। খেলার ছলে তারা তাপমাত্রা কমিয়ে দিতে পারে, যা নবজাতকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এসির নিয়ন্ত্রণ সাধারণত বড়দের হাতে রাখা উচিত এবং ছোটদের বিষয়টি বুঝিয়ে বলা প্রয়োজন।
সঠিকভাবে ব্যবহার করলে এসি নবজাতকের জন্যও নিরাপদ হতে পারে। তবে অবহেলা বা অতিরিক্ত ঠান্ডা পরিবেশ শিশুর স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে- এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকা জরুরি।



