বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
নারী

নারী শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নর্থ সাউথে কর্মসূচি

North-South

নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সংহতি কর্মসূচি পালন করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার পর বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ফটকের পাশে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত, যৌন হয়রানি প্রতিরোধ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তোলার দাবি জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন।

আয়োজকদের পক্ষে এমবিএ বিভাগের শিক্ষার্থী মুশতাক তাহমিদ বলেন, নারীর নিরাপত্তা একটি মৌলিক অধিকার। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সদস্য মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এক অভিভাবকের লিখিত অভিযোগকে ঘিরে ক্যাম্পাসে আলোচনা শুরু হয়। অভিযোগে চাকরি, পদোন্নতি ও আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন এবং ভর্তি-বাণিজ্যে জড়িত থাকার বিষয় উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ মে ইউজিসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

তবে মোহাম্মদ শাহজাহান অভিযোগগুলো অস্বীকার করেছেন। তাঁর দাবি, ইউজিসি তদন্তের নির্দেশ দিলেও তাকে ক্যাম্পাসে প্রবেশ ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া বেআইনি এবং শত্রুতামূলক।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সালমান বিন রহমান বলেন, বর্তমানে ক্যাম্পাসকে শতভাগ নিরাপদ বলা যাচ্ছে না। অভিযোগ যাঁর বিরুদ্ধেই উঠুক না কেন, তাঁর পরিচয় নয়; বরং অভিযোগের সত্যতা যাচাই এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কর্মসূচি থেকে সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয়।

মানববন্ধনে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল, ‘যৌন হয়রানিমুক্ত নিরাপদ ক্যাম্পাস চাই’। এছাড়া শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘নিরাপদ ক্যাম্পাস আমার অধিকার’, ‘নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করো’, ‘ব্রেক দ্য সাইলেন্স অ্যান্ড এন্ড দ্য ভায়োলেন্স’ এবং ‘সেফটি ইজ নট অ্যা প্রিভিলেজ, ইটস অ্যা রাইট’সহ বিভিন্ন স্লোগান দেখা যায়।

প্রায় ১৬ মিনিটব্যাপী এ কর্মসূচি দুপুর ১২টা ১৮ মিনিটে শেষ হয়।

নর্থ সাউথনারীনিরাপত্তাবিশ্ববিদ্যালয়মানববন্ধনশিক্ষার্থী