নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ার জেসি

ইংল্যান্ডে আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি সাথিরা জাকির জেসির। বাংলাদেশের নারী দলের সাবেক এই ক্রিকেটার এবার আইসিসি আয়োজিত বিশ্বকাপ মঞ্চে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন। জেসির সঙ্গে অভিষেক হচ্ছে ক্যানডিস লা বোর্ডে, গায়ত্রী ভেণুগোপালন ও কেরিন ক্লাস্টের।
গত বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছিলেন বাংলাদেশ নারী দলের এই সাবেক তারকা ক্রিকেটার।
আইসিসির আসন্ন প্রতিযোগিতার জন্য জেসিসহ নতুন চার আম্পায়ারের নাম অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছে। এ নিয়ে টানা তৃতীয় আসরে ম্যাচ অফিসিয়ালের প্যানেলে শুধু নারীদের রেখেছে আইসিসি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মোট ১৪ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ জন ২০২৪ সালের আসরেও দায়িত্ব পালন করেছিলেন। সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক, যিনি ইতোমধ্যে ছয়টি আসরে ২২টি ম্যাচ পরিচালনা করেছেন।
এমিরেটস আইসিসি আন্তর্জাতিক আম্পায়ার প্যানেল: লরেন আগেনবাগ, কিম কটন, অ্যানা হ্যারিস, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্টে, ক্যান্ডিস লা বোর্ডে, জানানি এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সুজান রেডফার্ন, এলোইস শেরিডান, জ্যাকলিন উইলিয়ামস, গায়ত্রী বেনুগোপালন।
এমিরেটস আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেল: ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী, মিশেল পেরেরা।



