‘বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম কিন্তু সে ভেগে গেছে’

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে জাগো নিউজের বিশেষ আয়োজন ‘জাগো তারকা’ অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তি জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

অনুষ্ঠানে নতুন করে প্রেম বা বিয়ের পরিকল্পনা আছে কি না-এমন প্রশ্নের জবাবে বাঁধন জানান, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল। এমনকি বিয়ে করার মতো একজন মানুষও পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর টেকেনি।
বাঁধন আরও বলেন, বর্তমানে বিয়ে করার মতো উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না। যদিও এর মধ্যে প্রেম করার জন্য কয়েকজন মানুষ জীবনে এসেছিলেন এবং একজনের সঙ্গে সম্পর্কেও জড়িয়েছিলেন। তবে তার মতে, প্রেমের চেয়ে বিয়ের জন্য সঠিক মানুষ খুঁজে পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।
দুইবার বিয়ের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বাঁধন বলেন, বিয়ে নিয়ে এখন তিনি অনেক বেশি সতর্ক। তার ভাষায়, ‘বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।’
অনুষ্ঠানে ঈদ উদযাপনের স্মৃতিও ভাগ করে নেন এই অভিনেত্রী। তিনি জানান, কোরবানির ঈদে সাধারণত আত্মীয়-স্বজনদের বাসায় ঘুরতে যাওয়া হয়। বড় মামার বাসা, খালাতো ভাইদের বাসা কিংবা চাচাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান তিনি।
গ্রামের ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে বাঁধন বলেন, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল মুন্সিগঞ্জের শ্রীনগরে গ্রামের বাড়িতে যাওয়া। বাবা সরকারি চাকরির কারণে মফস্বলে কর্মরত থাকলেও ঈদে গ্রামের বাড়িতে পরিবারের সবার সঙ্গে সময় কাটানোর আনন্দ ছিল অন্যরকম। তার মতে, শৈশবের গ্রামের ঈদ ছিল আলাদা এক উৎসব।
সময়ের সঙ্গে সেই ঈদের আনন্দের চিত্র বদলে গেছে বলেও জানান বাঁধন। তিনি বলেন, এখন আর গ্রামে সেভাবে কেউ থাকে না, তাই সেখানে যাওয়া হয় না। ঈদের আনন্দও এখন অনেকটাই দায়িত্বের মতো হয়ে গেছে।
রোজার ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, ছোটবেলায় ঈদের সবচেয়ে বড় আনন্দ ছিল সিনেমা হলে যাওয়া। বিশেষ করে ‘বনলতা এক্সপ্রেস’ দেখার অভিজ্ঞতা তার স্মৃতিতে এখনো স্পষ্ট।
ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শৈশবের ঈদ-সবকিছু নিয়েই বরাবরের মতো এবারও খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। সম্পর্ক, বিয়ে ও জীবনের বাস্তবতা নিয়ে তার অকপট মন্তব্য উঠে এসেছে পুরো আলোচনায়।



