ফাঁকা রাস্তায় বেপরোয়া বাসের খেলা

রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হলে ঈদে ঘরমুখী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পুলিশ জানায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে নতুন বাজার এলাকায় পৌঁছায়। উত্তরা অভিমুখী সড়ক পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে উঠে যায়। পরে বাসটি বিপরীত লেনে চলে গিয়ে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
নিহতরা হলেন— লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জোমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও রবিউল (২২)। নিহতদের বাড়ি বাগেরহাট ও পটুয়াখালী জেলায়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন জানান, আকাশ পরিবহনের বাসটিতে যাত্রী সংখ্যা বেশি ছিল। অন্যদিকে ইসলাম পরিবহনের বাসে যাত্রী ছিল খুবই কম। দুর্ঘটনার পর ঘাতক বাসটির চালক ও হেল্পার পালিয়ে যায়।
তিনি আরও বলেন, যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পটুয়াখালী থেকেই বাসটি বেপরোয়া গতিতে চলছিল। চালকের আচরণও ছিল অসংযত। পুরো পথজুড়ে উচ্চস্বরে চিৎকার ও অস্বাভাবিক আচরণ করছিলেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।



