ঈদের আগে বিপাকে স্টার সিনেপ্লেক্স

ঈদকে ঘিরে দেশের সিনেমা অঙ্গনে চলছে ব্যাপক প্রস্তুতি। তবে মুক্তির আগমুহূর্তে আবারও ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) জমা দেওয়া নিয়ে জটিলতায় পড়েছে স্টার সিনেপ্লেক্স। সময়মতো ডিসিপি না পাওয়ায় ঈদের সিনেমাগুলোর শিডিউল ও অগ্রিম টিকিট বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে প্রতিষ্ঠানটি।
সিনেমা মুক্তির আগে প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য ডিসিপি সরবরাহ করা বাধ্যতামূলক। কোনো টেকনিক্যাল ত্রুটি বা ফরম্যাটজনিত সমস্যা দেখা দিলে নতুন করে ডিসিপি তৈরি করতে হয়, যা বেশ সময়সাপেক্ষ। গত ঈদেও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এবারও সেই শঙ্কা কাটেনি।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ম্যানেজার মেজবাহ আহমেদ বলেন, এবারের ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে এবং সিনেপ্লেক্সে সর্বোচ্চ সংখ্যক সিনেমা প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। তবে ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও এখনো সব সিনেমার ডিসিপি হাতে পায়নি তারা।
তিনি বলেন, ডিসিপি না পাওয়ায় এখনো শিডিউল চূড়ান্ত করা যাচ্ছে না। ফলে অগ্রিম টিকিট বিক্রিও শুরু করা সম্ভব হয়নি। ডিসিপি পাওয়ার পর সেগুলো পরীক্ষা–নিরীক্ষা করতেও সময় লাগে। প্রযোজক ও পরিবেশকরা সময়মতো ডিসিপি জমা না দিলে সিনেপ্লেক্সের অনেক কার্যক্রম আটকে যায়।
এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে রকস্টার, রইদ, মাসুদ রানা, মালিক, দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল, পিনিক, বনলতা সেন, তছনছ ও অফিসারসহ বেশ কয়েকটি সিনেমা। তবে শেষ পর্যন্ত কয়টি সিনেমা ঈদে মুক্তি পাবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
অন্যদিকে দেশে বর্তমানে সিনেমা হলের সংখ্যা প্রায় ১২০টি। এত সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে একসঙ্গে বিপুলসংখ্যক সিনেমা মুক্তি পাওয়াকে চলচ্চিত্রসংশ্লিষ্টরা বড় ধরনের প্রতিযোগিতা ও ঝুঁকি হিসেবেই দেখছেন।



