১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
বিবিধ

রামিসা হত্যা মামলার ময়নাতদন্ত-ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে

202601043627384

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যা করা আট বছর বয়সী শিশুর ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের ফরেনসিক ইউনিট থেকে ডিএনএ প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে দেয়। একই সঙ্গে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদনও হস্তান্তর করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ময়নাতদন্ত প্রতিবেদন থানায় পৌঁছেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীকালের মধ্যেই মামলার অভিযোগপত্র দেওয়া সম্ভব হবে।

গত ১৯ মে সকালে রাজধানীর পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে আট বছর বয়সী এক শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন।

গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন। আজ শনিবার ময়মনসিংহে এক অনুষ্ঠানে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে।

Advertisements

এদিকে নৃশংস এ ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

Advertisements