বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৩ মে, ২০২৬
নারী

বিশ্বকাপে বাংলাদেশের টার্গেট ভারত

জ্যো

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তাঁর বিশ্বাস, দল ভালো ক্রিকেট খেলতে পারলে বড় দলগুলোকেও হারানো সম্ভব।

২৪ ও ২৬ মে দুই ধাপে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। প্রথমে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। এরপর ৫ জুন ইংল্যান্ডে পৌঁছে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জ্যোতি বলেন, বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে এবং দলে এখন একাধিক ম্যাচ উইনার তৈরি হয়েছে। শ্রীলঙ্কা সিরিজে ভুলগুলো চিহ্নিত করার সুযোগ হয়েছে বলেও জানান তিনি।

ইংলিশ কন্ডিশনে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়, ‘ভালো বা খারাপ খেলা মানসিকতার ওপর নির্ভর করে। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব।‘

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের ত্রিদেশীয় সিরিজকে বড় প্রস্তুতি হিসেবে দেখছেন জ্যোতি। তিনি বলেন, অতীতে বিশ্বকাপের আগে এমন প্রস্তুতি ম্যাচ বা টুর্নামেন্টের সুযোগ খুব একটা পাওয়া যায়নি। এবার সেই ঘাটতি থাকছে না।

ব্যাটিং ইউনিট নিয়েও আশাবাদী বাংলাদেশ দলপতি। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার মানসিকতা তৈরি হয়েছে বলে জানান তিনি। মিডল অর্ডারেও আক্রমণাত্মক ব্যাটার রয়েছে বলে দাবি তার।

দলের পেস আক্রমণ নিয়েও সন্তুষ্ট জ্যোতি। দীর্ঘদিন ধরে প্রস্তুত করা পেসাররা এখন আরও পরিণত বলে মনে করেন তিনি।

নিজের ফর্ম প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, তিনি প্রস্তুত আছেন এবং ত্রিদেশীয় সিরিজে ভালো পারফরম্যান্স বিশ্বকাপের আত্মবিশ্বাস বাড়াবে।

দলের পরিবেশ নিয়েও কথা বলেন জ্যোতি। তিনি জানান, মাঠের বাইরে সবাইকে পরিবারের মতো আগলে রাখার চেষ্টা করেন তিনি। বিদেশে ঈদের সময় খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা রাখতে বিশেষ পরিকল্পনাও করেন।

বিশ্বকাপের আগে সাবেক অধিনায়ক তামিম ইকবাল–এর পরামর্শও পেয়েছে দল। জ্যোতির ভাষ্য, তামিম তাদের বলেছেন বিশ্বকাপকে অতিরিক্ত চাপ হিসেবে না নিয়ে ক্রিকেট উপভোগ করতে।

সবশেষে প্রতিপক্ষ নিয়ে কথা বলতে গিয়ে জ্যোতি বলেন, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা বেশি দেখছেন তিনি। পাশাপাশি ভারত ও দক্ষিণ আফ্রিকাকেও টার্গেটে রাখছে বাংলাদেশ।

‘ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে জিতেছি। তাই আত্মবিশ্বাস আছে। ভালো ক্রিকেট খেলতে পারলে অন্তত একটি ম্যাচ জেতা সম্ভব,’  বলেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রিকেটজ্যোতিনারীবিশ্বকাপ