৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

আটকে গেল মৌসুমির ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

WhatsApp Image 2026-05-15 at 5.50.12 PM

অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রিয়দর্শিনী মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

তিনি জানান, শুরুতে প্রকল্পটি নিয়ে কোনো আপত্তি না থাকায় সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে অভিযোগ পাওয়া যায় যে, নাটকের কথা বলে শুটিং শুরু হলেও পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হয়। এছাড়া চলচ্চিত্র হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ছিল না বলেও অভিযোগ করেন জেবা জান্নাত। এসব অভিযোগের ভিত্তিতেই সেন্সর সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে সিনেমাটির পরিচালক ও অভিনেতা হাসান জাহাঙ্গীর বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, এখনো তিনি কোনো অফিসিয়াল সিদ্ধান্ত পাননি। যদি সত্যিই সেন্সর বাতিল হয়ে থাকে, তবে তিনি আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করবেন বলে জানিয়েছেন।

হাসান জাহাঙ্গীর বলেন, “এ প্রকল্পে ইতোমধ্যে তিন কোটি টাকার বেশি খরচ হয়েছে। মুক্তির একদিন আগে এমন সিদ্ধান্ত এলে বিষয়টি আমি প্রধানমন্ত্রীর কাছেও নিয়ে যাব।”

অন্যদিকে অভিনেত্রী মৌসুমী সামাজিক মাধ্যমে প্রকাশিত এক অডিওবার্তায় জানান, এটি মূলত যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক হওয়ার কথা ছিল। পরে নির্মাতার অনুরোধে টেলিফিল্ম হিসেবেও কাজ করতে সম্মত হন তিনি। তবে এটিকে সিনেমা হিসেবে মুক্তির খবর শুনে তিনি বিস্মিত ও অসন্তুষ্ট হন।

জেবা জান্নাতও অভিযোগ করেন, শুটিংয়ের সময় তাকে নাটকের কথা বলা হলেও পরে জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে।

Advertisements

উল্লেখ্য, মৌসুমী, জেবা জান্নাতের পাশাপাশি এই চলচ্চিত্রে অভিনয় করেছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর নিজেও।

Advertisements