গোলাপি রঙের ‘ডোনাল্ড ট্রাম্প’- কে দেখতে ভিড় জমাচ্ছে সবাই
কোরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছরই পশুর নামকরণ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় খামারিদের মাঝে। এবারও হচ্ছে না এর ব্যতিক্রম। এবার পশুর বাজারে আলো...

কোরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছরই পশুর নামকরণ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় খামারিদের মাঝে। এবারও হচ্ছে না এর ব্যতিক্রম। এবার পশুর বাজারে আলোচনার জন্ম দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গোলাপি মহিষ।
নারায়ণগঞ্জের শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে গোলাপি রঙের একটি মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের মহিষটির চুলের স্টাইল ও মুখের গঠন অদ্ভুতভাবে ট্রাম্পের সাথে মিল থাকায় এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

সরেজমিন দেখা গেছে, রাবেয়া অ্যাগ্রো ফার্মে নানা জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ কোরবানির পশুর পাশাপাশি দেখা মিলছে ব্যতিক্রমী এই গোলাপি মহিষের। চার বছর বয়সী এলবিনো জাতের মহিষটির মাথার চুল তুলনামূলক বড়। সখ করে তার নাম দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। মহিষটির চলাফেরাতেও আছে রাজকীয় ভাব। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
দর্শনার্থী মনি বেগম বলেন, ফেসবুকে মহিষটির ছবি ও ভিডিও দেখে খুব অবাক হয়েছি। মহিষটির হেয়ার স্টাইল দেখতে অনেকটা ট্রাম্পের মত। যদিও ওর স্বভাব চরিত্র ট্রাম্পের সাথে মিল নেই।
খামারের পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প’ কে প্রতিদিন দুই বেলা সময় মেনে খাবার দেওয়া হয়। খাদ্যতালিকায় আছে ভুট্টা, সয়াবিন, খইল, গমের ভুসি, তিলের খইল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস। গত বছর কোরবানির ঈদের এক মাস পর রাজশাহী সিটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। এরপর থেকে খামারে বিশেষ যত্নে লালন-পালন করা হচ্ছে। মহিষটি ইতিমধ্যে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকায় ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। ঈদুল আজহার আগে ক্রেতা মহিষটি নিয়ে যাবেন।


