বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনসোমবার, ১১ মে, ২০২৬
স্পটলাইট

নারীদের অগ্রযাত্রায় বাধা নয়, সহায়ক রাষ্ট্র চাইলেন ডা.জুবাইদা রহমান

দেশের প্রতিটি মেয়ের স্বপ্ন ও সম্ভাবনা বিকাশে রাষ্ট্র ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প...

file_1778482761

দেশের প্রতিটি মেয়ের স্বপ্ন ও সম্ভাবনা বিকাশে রাষ্ট্র ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা, শিক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত করা গেলে তারা নিজেদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে আর এই ক্ষেত্রে তাদের এগিয়ে নিয়ে যেতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে রাষ্ট্র।


সোমবার (১১ মে) রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সমাবেশে এসব কথা বলেন তিনি।

জুবাইদা রহমান বলেন, ‘অতীত, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সমাজসেবামূলক আপনাদের পরিকল্পনাগুলি সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি। আমরা সকলে যদি নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি, তাহলে নিশ্চয়ই সেটি বাস্তবায়ন করা সম্ভব, ইনশাআল্লাহ’।

পরিবার ও সমাজ গঠনে নারীরা গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। নারীরা স্বাস্থ্যসেবা ও গ্রামীণ উন্নয়নের মতো ক্ষেত্রেও সক্রিয় ও কার্যকর ভূমিকা রেখে সামগ্রিক উন্নয়নে বড় অবদান রাখতে সক্ষম বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, ‘স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্ট ও মার্কেটিং সাপোর্ট প্রদান করা হলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি, সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখার পাশাপাশি জুবাইদা রহমান বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের সঙ্গে পুনাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত তথ্যচিত্র উপভোগ করেন। পরে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন তিনি।
জুবাইদা রহমানের পাশাপাশি অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতিসচিব কানিজ মওলা, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রী মিসেস সাবিনা আওলাদ প্রমুখ।

অগ্রযাত্রাজুবাইদা রহমাননারীপ্রধানমন্ত্রীরাষ্ট্র