বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৩ জুন, ২০২৬
জীবনযাপন

মায়ের মুখে হাসি ফোটাতে মা দিবসে মাকে কী উপহার দেবেন?

photo-1431154597

মা—ভালোবাসা, মমতা আর নিঃস্বার্থ ত্যাগের আরেক নাম। জীবনের প্রতিটি মুহূর্তে যিনি নীরবে আগলে রাখেন, তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানোর দিন হলো মা দিবস। এই দিনে মাকে ছোট্ট একটি উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করতে চান অনেকেই।

প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার উদ্‌যাপিত হয় ‘মা দিবস’। দিনটিকে ঘিরে থাকে সন্তানদের অনেক চিন্তাভাবনা, নানা আয়োজন। কী দিলে সত্যিই খুশি হবেন মা—এ ভাবনাটাই হয়ে উঠছে এখন মূল।

ব্যবহারিক উপহার

উপহারসামগ্রীর দোকানগুলোতে মা দিবসের উপহার হিসেবে বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ব্যবহারিক জিনিসপত্র, যা মায়ের কাজে লাগবে সবচেয়ে বেশি। যেমন কিচেন অর্গানাইজার, স্টোরেজ বক্স, কফি মগ, কিংবা তৈজসপত্র। মিনিসো, ইয়ো ইয়ো সো এবং মি ডি আই ওয়াইয়ের মতো দোকানগুলোতে এ ধরনের উপহারের বিশাল সংগ্রহ পাওয়া যাচ্ছে। এগুলোর বিশেষত্ব হলো দেখতেও সুন্দর, আবার প্রতিদিনের জীবনে ব্যবহারযোগ্য।

মেমোরি-বেজড উপহার

মায়েদের জন্য আবেগমাখা উপহারগুলোর মধ্যে রয়েছে কাস্টমাইজড বা মেমোরি-বেজড উপহার। ছবির ফ্রেম, মেমোরি অ্যালবাম, মায়ের ছবিযুক্ত মগ, কিংবা হাতে লেখা চিঠি—এ ছোট জিনিসগুলোই স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এই চাহিদাকে সামনে রেখে বিভিন্ন ফেসবুক পেজ, যেমন উপহার বিডি, সুগারি গিফটস, রাভেন গিফট শপ নিয়ে এসেছে বিভিন্ন কাস্টমাইজড উপহার। যেখানে নাম, ছবি বা ব্যক্তিগত বার্তা যুক্ত করে উপহারকে করে তোলা যায় আরও বিশেষ। এ ছাড়া অনলাইনের দোকানগুলো থেকে সংগ্রহ করতে পারেন মায়ের পছন্দের গাছ বা বই।

ম্যাচিং ট্রেন্ড

আজকাল মা ও সন্তানের মিলিয়ে পোশাক পরার ট্রেন্ড বেশ চলছে। যেমন জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙ মা দিবস উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ ‘মা-মেয়ে ম্যাচিং কালেকশন’। যেখানে দুই প্রজন্মের জন্য তৈরি করা হয়েছে একই নকশার পোশাক। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি পোশাক এই সম্পর্ককে নতুনভাবে উদ্‌যাপন করছে। পোশাক সব সময়ই জনপ্রিয় উপহার, এই সংগ্রহ তাতে দিয়েছে নতুন মাত্রা।

সেলফ-কেয়ার ও ওয়েলনেস গিফট

বর্তমান সময়ে মায়েদের জন্য সেলফ-কেয়ার গিফট বা ব্যক্তিগত চর্চার সামগ্রী বেশ জনপ্রিয়। ত্বকচর্চার উপকরণ, সুগন্ধি বা স্পা কিট—এ ধরনের উপহার মায়েদের নিজের জন্য একটু সময় বের করার সুযোগ দেয়। দৈনন্দিন ব্যস্ততার মাঝে ছোট্ট এ বিরতিই মানসিকভাবে মায়েদের জন্য বেশ ইতিবাচক।

অভিজ্ঞতাভিত্তিক উপহার


শুধু ব্যক্তিগত উপহার নয়, এখন গুরুত্ব পাচ্ছে ‘এক্সপেরিয়েন্স গিফট’ও। যেমন একসঙ্গে বাইরে খেতে যাওয়া, দূরে কোথাও ভ্রমণ বা একটি পুরো দিন শুধু মায়ের জন্য রাখা। যত ব্যক্তিগত উপহার দেওয়া হোক না কেন, তুলনায় অভিজ্ঞতাভিত্তিক উপহার মায়েদের জন্য দীর্ঘস্থায়ী আনন্দের উৎস। এসব উপহার পরিবারের সম্পর্কগুলোকেও আরও গভীর করে।

তাই মাকে ভালোবাসা জানাতে মা দিবসের আগে থেকেই আয়োজন করে রাখতে পারেন এমন কোনো উপহার।

উপহারদ্বিতীয়মা দিবসমেরোববার