বিশেষ সম্মাননা ‘মিনার-ই-দিল্লি’ পাচ্ছেন রুনা লায়লা

বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী আদুর গোপালকৃষ্ণন আনুষ্ঠানিকভাবে ৪ মে এই উৎসবের উদ্বোধন করবেন। ৫ দিনব্যাপী এই উৎসবটি চলবে ৮ মে পর্যন্ত। এবারের উৎসবে বিশ্বের ৬০টিরও বেশি দেশের প্রায় ১৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

‘মিনার-এ-দিল্লি’ পুরস্কার প্রসঙ্গে রুনা লায়লা বুধবার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এর অপেক্ষায় রইলাম… দেখা হবে সেখানে!’
সম্প্রতি রুনা লায়লাকে একটি চিঠি পাঠিয়েছেন উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা। তিনি লিখেছেন, ‘কয়েক দশক ধরে আপনার সুমধুর কণ্ঠ এবং বর্ণাঢ্য শৈল্পিক যাত্রা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। আমাদের অনেকের কাছে আপনার গান শুধু সংগীত নয়, বরং আবেগ, স্মৃতি এবং আমাদের দুই দেশের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন। সংগীত ও চলচ্চিত্রে আপনার অবদান এমন এক সাংস্কৃতিক ঐতিহ্য সৃষ্টি করেছে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।’
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননাটি এই উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ একটি অংশ যা এর আগে শর্মিলা ঠাকুর, সুভাষ ঘাই, শত্রুঘ্ন সিনহা এবং রণধীর কাপুরের মতো প্রথিতযশা ব্যক্তিত্বরা লাভ করেছেন। রুনা লায়লার মতো একজন কিংবদন্তি শিল্পীকে সম্মানিত করার মধ্য দিয়ে উৎসবটি এক ভিন্ন মাত্রা পেয়েছে বলে মনে করছেন আয়োজকরা।



