ঢাকা শহরে বৃষ্টি হবার সম্ভাবনা, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু

চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়। ৩ এপ্রিল দেশের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ বয়ে যায়। এরপর অবশ্য তাপপ্রবাহ কমে যায় মূলত বৈশাখী ঝড় বেড়ে যাওয়ায়। তবে গত এক সপ্তাহের বেশি সময়ে আবার তাপপ্রবাহ শুরু হয়। একপর্যায়ে ২৪ জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। রাজধানীতেও তাপপ্রবাহ বয়ে যায়। গতকালও রাজধানীতে তাপপ্রবাহ ছিল। জনবহুল এ নগরীর তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে আজ রোববার বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, চলতি মাসের বাকি কয়েকটি দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তাতে চলমান তাপপ্রবাহ কমে আসতে পারে। আজ ঢাকা বিভাগেও বিকেলের দিকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।
গতকাল শনিবার রাত এবং আজ সকালেও রংপুরে বৃষ্টি হয়েছে। দুই দফা বৃষ্টির পর রংপুরে আজ গরম অনেকটাই কমেছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের কারণে রংপুরেও অনেক গরম পড়েছিল। তাপপ্রবাহও বয়ে গেছে কিছু জায়গায়।



