আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) থেকে। এবারের পরীক্ষায় সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
কবে কখন কোন পরীক্ষা হবে, সেই সময়সূচি প্রকাশিত হয়েছে। সময়সূচি অনুযায়ী, বাংলা দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। আগামী ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরপত্র, ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।এ পরীক্ষার রুটিন প্রকাশের সময়েই পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনার কথা জানানো হয়েছিল।
আজ (সোমবার, ২০ এপ্রিল) পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, কোচিং সেন্টার ব্যবস্থাকে কোনোভাবেই স্বীকৃতি দেয় না সরকার।হেলিকপ্টারে কেন্দ্র পরিদর্শনের দিন শেষ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্মার্টফোন ও সিসিটিভির মাধ্যমেই এখন নজরদারি সম্ভব।’ প্রশ্নফাঁস ঠেকাতে কড়া সাইবার নজরদারির পাশাপাশি পাবলিক পরীক্ষা আইন ১৯৮১ সংশোধন করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া, সুষ্ঠুভাবে খাতা মূল্যায়ন করতে পরীক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রগুলোকে যানজটমুক্ত রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষা ভীতি দূর করতে চায় সরকার।’



