মেয়ের হাতে প্রেগন্যান্সি কিট: তবে কি আবার মা হচ্ছেন দীপিকা?

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি— ছোট্ট হাতের মুঠোয় ধরা একটি ‘প্রেগন্যান্সি কিট’। আর সেই এক ছবিই এখন বলিউডজুড়ে আলোচনার কেন্দ্র। দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন— এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। যদিও সরাসরি এ বিষয়ে কিছুই বলেননি।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ধরা রয়েছে প্রেগন্যান্সি টেস্ট কিট। কোনো ক্যাপশন নয়—মূলত এই ছবির মাধ্যমেই সুখবরটি জানান অভিনেত্রী। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া মন্তব্য করেন, ‘কনগ্রেটস!’ যা দ্রুতই নজর কাড়ে। একই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন স্বামী রণবীর সিং। সেখানে কিয়ারা আদভানিসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতিকে।

কয়েক দিন ধরেই বলিউডে গুঞ্জন ছিল, আবার মা হতে যাচ্ছেন দীপিকা। তবে তিনি নিজে বিষয়টি নিয়ে কিছু বলেননি। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন একটি ছবির মাধ্যমেই। ছবির সরলতা আর বার্তার নতুনত্ব—দুটিই মুগ্ধ করেছে ভক্তদের।

দীর্ঘদিন প্রেমের পর রণবীর- দীপিকা ২০১৮ সালে ইতালির লেক কোমোতে ঘনিষ্ঠ এক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তারা বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি হিসেবে পরিচিত। ২০২৪ সালে প্রথম সন্তান দুয়া জন্মের মাধ্যমে নতুন জীবনের অধ্যায় শুরু করেছিলেন রণবীর-দীপিকা। এরপর দীর্ঘ সময় তারা সন্তানকে আলোচনার বাইরে রাখলেও পরে স্যোশাল মিডিয়ায় তাকে পরিচয় করিয়ে দেন।



