সংরক্ষিত নারী আসনে ভোটের তারিখ নির্ধারণে কমিশন সভা অনুষ্ঠিত

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ নির্ধারণে কমিশন সভায় বসেছে। আজ সোমবার(৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে কমিশনের ১১তম এই সভা শুরু হয়।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনে দলগুলো জোটগতভাবে নির্বাচন করবে নাকি করবে না, সে বিষয়ক কার্যক্রম শেষ করতে হয়। তার পরদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হয়। সেই হিসাবে গতকাল রোববার ৩০ কার্যদিবস শেষ হয়েছে এবং আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা। সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতিতে সাধারণত সরাসরি ভোটের প্রয়োজন হয় না; বরং সংসদে দলগুলোর প্রাপ্ত আসন সংখ্যার আনুপাতিক হারে তারা নারী সদস্য মনোনয়ন দিয়ে থাকে। দলগুলো যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই এই আসনে নির্বাচিত হিসেবে গণ্য হবেন।গত ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ক গেজেট প্রকাশিত হয়। সেক্ষেত্রে এ নির্বাচনের সময় রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত। এ নির্বাচন দ্রুত শেষ করতে চায় কমিশন।
এছাড়াও, এবারের কমিশন সভায় মোট পাঁচটি আলোচ্যসূচি রাখা হয়েছে। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি রয়েছে।



